মার্কিন কর্মকর্তাদের কায়রো ব্যস্ততা

  

Published: 2012-07-21  


বিশ্ব ডেস্ক, ২১ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মিশর সফর করে মাত্রই ইসরাইল হয়ে দেশে ফিরলেন হিলারি ক্লিনটন।

তারপরই মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা কমান্ডার জেনারেল জেমস ম্যাটিস কায়রো সফর করলেন।

কায়রো সফরকালে তিনি মিশরের সামরিক পরিষদের প্রধান ফিল্ড মার্শাল মোহাম্মদ হোসেন তানতাবি এবং সেনাবাহিনীর সর্বাধিনায়ক সামি আনানের সঙ্গে সাক্ষাত করেন।

দৃশ্যত মিশরের সাথে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ অবস্থান ও দেশটি এমন কোনো পদক্ষেপ না নেয় যা মার্কিন মিত্র ইসরাইলের বিপক্ষে যায় তা নিশ্চিত করতেই আমেরিকার কর্মকর্তারা কায়রো সফর করছেন।

মিশরে চার দশকের স্বৈরাচার হোসনি মোবারকের পতনের পর নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এখন মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছেন।

ওই মন্ত্রীসভায় সামরিক সমর্থিত কোনো ব্যক্তি স্থান পান কিনা মিশরের বিভিন্ন মহল এ নিয়ে বেশ তৎপর হয়ে উঠেছে।

মিশরে ইসলামী জাগরণ শুরু হবার পর ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে  আপোষ প্রক্রিয়া এগিয়ে নেয়ার ব্যাপারে কায়রো ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ মাধ্যম।

তাই দীর্ঘদিনের পুরনো ওয়াশিংটন-কায়রো সম্পর্কে যাতে কোনো নেতিবাচক প্রভাব পড়তে না পারে সে জন্যেই মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ নজর দিতে শুরু করেছে।

তবে হোসনি মোবারকের শাসনামলের মত মোহাম্মদ মুরসি এখন আমেরিকার আজ্ঞাবহ হয়ে চলবেন কিনা সে নিয়েও প্রশ্ন উঠেছে।

মিশরে অবস্থার পরিবর্তন ঘটেছে এবং ইসলামপন্থী মোহাম্মদ মুরসি বিজয় লাভ করায় কায়রো-ওয়াশিংটন সম্পর্কের ধরন পাল্টাতে বাধ্য বলেই পর্যবেক্ষকদের ধারণা।

বিশেষ করে, ইসরাইল ও মিশরের মধ্যে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি ও ইসরাইলের নিরাপত্তার বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ চিন্তিত।

মিশরের জনগণ ক্যাম্প ডেভিড শান্তি চুক্তি বাতিলের দাবি জানানোয় ইসরাইল ও আমেরিকার কর্মকর্তারা এখন রীতিমত শঙ্কিত।

মিশরে নতুন সরকার ক্ষমতায় আসার পর সামরিক পরিষদের ভবিষ্যত কি হবে তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা।

দেশটির সেনাবাহিনী যে এতদিন আমেরিকার আশীর্বাদ নিয়ে চলেছে এবং হোসনি মোবারকের ওপর প্রভাব বিস্তার করেছে তা অব্যাহত থাকবে কি না সেটাও দেখার বিষয়।

মিশরে গণবিপ্লবের পর সেনাবাহিনীর সঙ্গে ওই সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে ওয়াশিংটন।

মার্কিন কর্মকর্তারা একের পর এক কায়রো সফরের মাধ্যমে দেশটির সামরিক পরিষদ কতটা  রাজনৈতিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে পারবে সেটাই আঁচ করার চেষ্টা করছেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ২২২০ ঘ.