সারাদেশে ১৮ দলীয় জোটের কয়েক শ’ নেতা-কর্মী গ্রেপ্তার

  

Published: 2012-06-10  


ঢাকা, ১০ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সোমবারের মহাসমাবেশকে ঘিরে সারাদেশে বিএনপিসহ ১৮ দলীয় জোটের কয়েক শ’ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় ১৮ দলীয় জোটের পক্ষে বিরোধী দল বিএনপি এক বিবৃতিতে এ দাবি করে।

এছাড়া নয়াপল্টনের বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সোমবারের সমাবেশে জনসমাগম ঠেকাতে সরকার নানাভাবে বাধার সৃষ্টি করছে বলেও বিবৃতিতে অভিযোগ করেছে বিএনপি।

এতে বলা হয়, আওয়ামী লীগ সরকার তাদের চিরাচরিত ফ্যাসিস্ট কায়দায় ১২ মার্চের মতো এবারও ঢাকার সমাবেশকে বাধা প্রদান এবং সমাবেশস্থলে জনস্রোত ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

এদিকে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে তল্লাসির নামে হয়রানি এবং ঢাকা অভিমুখে রাস্তার বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলে বিবৃতিতে দাবি করা হয়। এতে গ্রেপ্তার অভিযানের তীব্র নিন্দা জানিয়ে আটক নের্তা-কর্মীদের মুক্তি দাবি করেছে বিএনপি।

বিবৃতিতে গ্রেপ্তারের একটি তালিকা দিয়ে বলা হয়, এটি অসম্পূর্ণ তালিকা। সারাদেশ থেকে গ্রেপ্তারের আরো খবর আসছে।

ঢাকায় গ্রেপ্তার: যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক এস এম জিলানী, স্বেচছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহবায়ক আবু জাফর পাটোয়ারী বাবু, হারুন-অর-রশীদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুম বিল্লাহ খান, জাসাস নিউ মার্কেট থানার সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হৃদয়, দক্ষিণ খান ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বাদশা প্রমুখকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

খুলনায় গ্রেপ্তার: জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, ডুমুরিয়া থানা যুবদল নেতা সহিকুল ইসলাম লাচ্ছু, শ্রমিক দল নেতা তালেব, মহানগর সভাপতি আরব আলীসহ অন্তত ২৮ জন।

গাজীপুরে গ্রেপ্তার: ওলামা দলের কাপাসিয়া থানার টোক ইউনিয়ন সভাপতি ইসমাইল হোসেনসহ কমপক্ষে ৪৫ জন।

এদিকে চাঁদপুরে বিএনপি-জামায়াতের ২০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আগামী ১১ জুনের ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে পুলিশের এই ধরপাকড় অভিযান চলছে।


প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে সরকারকে গত ১২ মার্চের মহাসমাবেশ থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দেয়া ৯০ দিনের সময়সীমা ১০ জুন শেষ হচ্ছে।

এসময়ের মধ্যে দাবি আদায় না হলে ১১ জুন মহাসমাবেশের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার।

সোমবার বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/আরআই ২৩১৫ ঘ.