বাংলা সাহিত্যের অগ্রযাত্রা রোধ করা যাবে না: আল মাহমুদ

  

Published: 2012-06-09  


রংপুর, ৯ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিশ্বব্যাপী এখন আকাশ সংস্কৃতির জোয়ার বইছে। বাংলা সাহিত্য এতটাই সমৃদ্ধ যে, কোনো আগ্রাসনই এর অগ্রযাত্রাকে কোনোভাবে রোধ করতে পারবে না।

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ শনিবার রংপুর সংস্কৃতি কেন্দ্রের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশেই বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি সুন্দর চর্চা, পরিশীলন হয়েছে, হচ্ছে। অন্য কোনো দেশে নয়। এই সাহিত্যকে আরও সমৃদ্ধ করতে সরকারসহ সংশ্লিষ্টদের আরও চিন্তা-ভাবনা করতে হবে।

বিকেল ৩ টার দিকে আল মাহমুদ বিমানযোগে সৈয়দপুরে আসেন। এরপর রংপুর পর্যটন মোটেলে পৌঁছলে তাকে ফুল নিয়ে শুভেচ্ছা জানান রংপুর সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি ডা. মোহাম্মদ হোসেনসহ অন্যরা।

পরে এক মতবিনিময় সভায় কবি আল মাহমুদ বলেন, বাংলা সাহিত্যের একটি স্বতন্ত্র বৈশিষ্ট রয়েছে। কেউ তা ভেঙে ফেলতে পারবে না। ভবিষ্যত সাহিত্যকর্মীদেরকে আরও সাহসিকতা, পরিশীলতা চর্চার মাধ্যমে এই সাহিত্যকে সমৃদ্ধ করতে হবে।

বাংলা সাহিত্য চর্চায় বাংলাদেশ ও পশ্চিম বাংলার মধ্যে কারা এগিয়ে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের সাহিত্যকর্মীরাই সবচেয়ে বেশি বাংলা সাহিত্য চর্চা লালন-পালন করেছে। আমাদের চেয়ে এই সাহিত্য চর্চায় অন্য কেউ এগিয়ে নেই। এটাতে আমার পরিতৃপ্তি রয়েছে।’

তিনি আরও বলেন, সমসাময়িক রাজনৈতি অস্থিরতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতিসহ প্রতিটি ক্ষেত্রেই সংস্কার আনতে দেশের সাহিত্যকর্মীরা কাজ করছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংস্কৃতি কেন্দ্রের পরিচালক জিল্লুর রহমান মুনসী, সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, সরকার মাজহারুল মান্নান, রফিকুল ইসলাম রফিক, ইয়াছিন আলী, কাজী আহসানুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন কেন্দ্রের সমন্বয়কারী আবুল হোসাইন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই/আরআই_ ২০৫৩ ঘ.