ঢাকা সিটি নির্বাচনের মনোনয়নপত্র বিক্রি শুরু

  

Published: 2012-04-11  


ঢাকা, ১১ এপ্রিল (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিভক্ত ঢাকার দুই সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এই মনোনয়নপত্র বিক্রি করছে।

রাজধানীর গুলিস্থানে মহানগর নাট্যমঞ্চে ডিসিসি দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেলা ১১টা ২০ মিনিটে মেয়র পদের জন্য মনোনয়ন ফরম কেনেন ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ খোকন।

দলীয় নেতা-কর্মীদের নিয়ে উৎসবমুখর পরিবেশে এসে তিনি মনোনয়ন ফরম কেনেন। পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘প্রথম দিনে ফরম সংগ্রহ করে ভালো লাগছে। নির্বাচন ঘিরে কিছু সন্ত্রাসী ইতিমধ্যে মাঠে নেমেছে। কমিশনকে এ দিকে নজর রাখতে হবে।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, প্রার্থীরা নিয়ম মেনেই মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। সব ঠিকভাবেই চলছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের উপসচিব ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক খোন্দকার মিজানুর রহমান ঢাকা দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচনী কার্যালয়ে স্থাপিত ডিসিসি উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে কাউন্সিলর পদের কয়েকজন প্রার্থী ফরম কিনেছেন বলে জানিয়েছেন উত্তরের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনীর হোসেন।

ডিসিসির এই অংশের নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ঢাকা বিভাগীয় উপনির্বাচন কমিশনার মিহির সারোয়ার মোর্শেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৪ মে ঢাকার দুই সিটি করপোরেশনে ভোট হবে। প্রার্থীদের মনোনয়ন দাখিল করতে হবে ১৯ এপ্রিলের মধ্যে।

সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় স্থাপনের পর কাজ শুরু হয়েছে মঙ্গলবার বিকেলেই। বিভিন্ন নির্দেশনা দিয়ে নির্বাচন কমিশন চারটি পরিপত্রও জারি করছে।

রিটার্নিং কর্মকর্তারা জানান, ভোটার সংখ্যা অনুযায়ী দক্ষিণের মেয়র প্রার্থীকে মনোনয়নপত্র সংগ্রহে জামানত হিসেবে ৫০ হাজার টাকা এবং উত্তরের মেয়র প্রার্থীকে ১ লাখ টাকা জমা দিতে হবে।

এবার মনোনয়নপত্রের সাথে ভোটার তালিকার সিডি কেনা বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে প্রতি ওয়ার্ডের সিডির জন্য প্রার্থীদের গুণতে হবে ৫০০ টাকা।

ঢাকা দক্ষিণের ৫৬টি ওয়ার্ডের জন্য মেয়র প্রার্থীদের সিডির দাম বাবদে দিতে হবে ২৮ হাজার টাকা। আর ঢাকা উত্তরের ৩৬টি ওয়ার্ডের জন্য প্রার্থীদোর ১৮ হাজার টাকা খরচ হবে সিডি কেনা বাবদে।

অন্যদিকে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলরদের তিনটি ওয়ার্ডের সিডি কিনতে হবে ১৫০০ টাকা দিয়ে।

নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব জেসমিন টুলী স্বাক্ষরিত ইসির এক নির্দেশনায় বলা হয়েছে, সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণামূলক সব পোস্টার, ব্যানার ও বিলবোর্ড বুধবার রাত ১২টার মধ্যে সরিয়ে নিতে হবে। মুছে ফেলতে হবে দেয়াল লিখন।

ওই সময়ের পর কারো পোস্টার-বিলবোর্ড দেখা গেলে তাকেই এর দায় নিতে হবে। এই নির্দেশনা অমান্য করলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে বলেও মঙ্গলবার তিনি জানান।

এদিকে, পুরোন ঢাকা থেকে আওয়ামী লীগের আরেক সম্ভাব্য প্রার্থী হাজি সেলিম বেশ আটগাট বেধে নেমেছেন নির্বাচনী প্রচারণায়।

দলের মনোনয়ন নিয়ে তিনি রিয়েল-টাইম নিউজ-কে বলেন, ‘আমি দলের জন্য কাজ করেছি। দল আমাকেই মনোনয়ন দেবে।’

এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগের অন্য দুই নেতা আওলাদ হোসেন ও শাহ আলম মুরাদ দল না চাইলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।

ঢাকা উত্তরে এককভাবে আওয়ামী লীগের প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রচারণায় এগিয়ে থাকলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামানের নাম শোনা যাচ্ছে বেশ জোরেসোরেই।

এছাড়া দল থেকে অনেকটা নিগৃহিত ভদ্র ইমেজের সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না নাগরিক কমিটির ব্যানারে মেয়র নির্বাচনের তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/এমআই_ ১৩২৮ ঘ.