গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৭ এপ্রিল

  

Published: 2012-03-29  


ঢাকা, ২৯ মার্চ (আরটিএনএন ডটনেট)-- একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১৭ এপ্রিল ধার্য করেছে ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার প্রথম ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন।

এর আগে গত ২৭মার্চ গোলাম আযমের পক্ষে তার আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। ২৯ মার্চ প্রসিকিউশনকে ফের তাদের যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল।

আজ শুনানিতে প্রসিকিউটর জেয়াদ আল মালুম জামায়াতের সাবেক নেতা গোলাম আযমের বিরুদ্ধে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য করে ট্রাইব্যুনাল।

চল্লিশ বছর পর মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে সাংবাদিকদের মালুম বলেন, ‘১৯৯২ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সংসদে বিল উত্থাপন করেছিলন। আজ আমি তা আদালতে উপস্থাপন করেছি।

প্রসঙ্গত, গত ২৭ মার্চ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আদালতে বলেছেন, জামায়াত বা গোলাম আযম কোন বাহিনী গঠন করেনি বরং আল-বদর, শামস, রাজাকার বাহিনী ছিল তৎকালীন সরকার দ্বারা গঠিত।’

এর জবাবে মালুম বলেন, ‘আমরা বাংলানিউজে প্রকাশিত গোলাম আযমের সাথে সাক্ষাৎকারের একটি উপস্থাপন করেছি। তাতে তিনি (গোলাম আযম) এক প্রশ্নের উত্তরে বলেছেন রাজাকার, আল-বদরসহ ওই সব বাহিনী গঠন করা হয়েছিল দেশের মানুষের সাহায্যের জন্য।’

এছাড়া আসামিপক্ষ তাদের আবেদনে একাত্তর সালের ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত গোলাম আযম কোথায় ছিলেন তা তারা লিখিত আকারে জানায়নি। এ বিষয়টিও আদালতে উপস্থাপন করা হয়েছে বলে প্রসিকিউটর মালুম জানান।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি  ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর গোলাম আযমকে কারাগারে পাঠায় আদালত। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়।

গত বছরের ৩১ অক্টোবর গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত শেষ হয়। আর চলতি বছরের ৯ জানুয়ারি তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দেয়া আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয় ট্রাইব্যুনাল। এতে তার বিরুদ্ধে মোট ৬২টি অভিযোগ আনা হয়েছে।

আরটিএনএন ডটনেট/জেডকে/এসআই_ ২০০৬ ঘ.