| |
দেশে প্রায় ৮ শতাংশ মানুষ হেপাটাইসি ‘বি’ আক্রান্তPublished: 2011-07-28 ঢাকা, ২৮ জুলাই (আরটিএনএন ডটনেট)-- বাংলাদেশে মোট জনগোষ্ঠীর ৪ দশমিক ৪ থেকে ৭ দশমিক ৮ শতাংশ মানুষ হেপাটাইটিস ‘বি’ ভাইরাসের জীবাণু বহন করছে বলে জানিয়েছেন হেপাটোলজি সোসাইটি। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে ‘বাংলাদেশে হেপাটাইটিস ‘বি’ এবং ‘সি’ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, জন্ডিস নিয়ে যেসব লোক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, তাদের মধ্যে শতকরা ৪৩ ভাগ হেপাটাইটিস ‘ই’ ভাইরাসে আক্রান্ত। আর শতকরা ২২ ভাগ হেপাটাইটিস ‘বি’, ৮ ভাগ হেপাটাইটিস ‘এ’ ভাইরাস, ৩ ভাগ হেপাটাইটিস ‘সি’ এবং শতকরা ২৪ ভাগ অন্যান্য কারণে দ্বারা আক্রান্ত। প্রতিবেদনে এসব রোগ সৃষ্টির কারণ সর্ম্পকে বলা হয়, অনৈতিক মেলামেশা, মা থেকে সন্তানের, দুষিত রক্ত, অন্যের শেভিং যন্ত্রপাতি ব্যবহার, একই সিরিঞ্জে রক্ত একাধিক লোকের শরীরে ব্যবহার করলে, রোগীর গ্লাস-প্লেটে খাবার খাওয়াসহ অন্য অনেক কারণে হেপাটাইটিস ‘বি’ এবং হেপাটাইটিস ‘সি’ ভাইরাস দেহে প্রবেশ করতে পারে। এ সময় এসব রোগ থেকে রক্ষা পেতে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি, টিকা গ্রহণ এবং এ রোগ হয়ে গেলে উপযুক্ত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন বক্তারা। অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান আবদুল মুবিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম, বিএসএমইউ- এর ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নজরুল ইসলাম প্রমুখ। আরটিএনএন ডটনেট/এমইউএম/এমআই_ ২১১৬ ঘ. |