সর্বশেষ সংবাদঃ

প্রেসিডেন্ট আসাদের শান্তি উদ্যোগে যুক্তরাষ্ট্রের ‘না’

 

০৭ জানুয়ারি,২০১৩

নিউজ ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রস্তাবিত একটি শান্তি উদ্যোগ নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবকে তাঁরা ক্ষমতা ধরে রাখার জন্য মি. আসাদের আরেকটি প্রচেষ্টা হিসেবে উল্লেখ করছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মূখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, প্রেসিডেন্ট আসাদের সরকার সব ধরণের বৈধতা হারিয়েছে এবং তাঁর ক্ষমতা থেকে সরে দাঁড়ানো উচিত।

এর আগে দামেস্কের অপেরা হাউজে উল্লসিত সমর্থকদের সামনে মি. আসাদ সঙ্কট নিরসনে তার শান্তি উদ্যোগের নানা দিক তুলে ধরেন।

গত বছরের জুন মাসের পর এই প্রথম ভাষণে বাশার আল আসাদ বলেছেন, তার শান্তি উদ্যোগের মধ্যে থাকবে, একটি জাতীয় সম্মেলনের মাধ্যমে নতুন একটি সংবিধান রচনা করা। তবে বিরোধী সকল পক্ষের সাথে আলোচনার কোন ইঙ্গিত দেননি মি. আসাদ। বরং তাঁর ভাষায়, পশ্চিমাদের হাতের পুতুলদের সাথে কোন আলোচনা তিনি করবেন না।

যুক্তরাষ্ট্র ছাড়াও সিরিয়ার প্রতিবেশী রাষ্ট্র তুরস্ক, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন মি. আসাদের এ বক্তব্যের সমালোচনা করে আবারো তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্ত্রী এলিস্টার বার্ট মি. আসাদের এ বক্তব্যকে গভীরভাবে হতাশাজনক বলে মন্তব্য করেছেন।

মি. বার্ট বলছেন, “এই বক্তব্যে বোঝা যাচ্ছে, মৃত্যু এবং ধ্বংসযজ্ঞের মতো যেসব ঘটনা সিরিয় জনগণের জীবন বিপর্যস্ত করে তুলেছে, তার কোন দায়দায়িত্বই মি. আসাদ এবং তাঁর সরকার নিতে চায় না। সিরিয় জনগণই যখন সরকারের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে, তখন এ বিষয়টি বাইরের মদদে করা হয়েছে বলাটা ভন্ডামি।”

মধ্যপ্রাচ্য থেকে বিবিসির সংবাদদাতা জেমস রেনল্ডস বলছেন, প্রেসিডেন্ট আসাদের নতুন এ প্রস্তাবে কোন বিরোধী গোষ্ঠির আগ্রহ দেখানোর সম্ভাবনা খুবই কম। এরই মধ্যে সিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠি, সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল মি.আসাদের সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

জাতিসংঘের হিসেবে, ২০১১ সালের মার্চে সংকট শুরু হবার পর থেকে এখন পর্যন্ত সিরিয়ায় ষাট হাজার মানুষ নিহত হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিবিসি বাংলা/এমআই_ ১০৫৯ ঘ.

অন্যান্য সংবাদ(আমেরিকা)

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ঘোষণা যুক্তরাষ্ট্রের

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে এই বৈঠক হবে কাতারে, যেখানে তালেবান বিদ্রোহীরা ইতিমধ্যেই একটি দপ্তর খুলেছে। . . . বিস্তারিত

মন্ট্রিয়ল মেয়রকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন ইউনিট

দুর্নীতি দমন ইউনিটের হাতে গ্রেপ্তার হওয়া কুইবেক মেয়রদের সর্বশেষ অ্যাপলেবাম। প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে লাভ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com