সর্বশেষ সংবাদঃ

বিনোদন প্রাপ্তি মুছে গেছে হারানোর বেদনায়

৩১ ডিসেম্বর,২০১২

বিনোদন বা তারকাজগত বললে আমরা সবাই কম-বেশি পুলক অনুভব করি। তবে ২০১২ সালে এই পুলকিত জগত ছেয়ে গেছে একের পর এক শোকের খবরে। বিশ্বসভার সেতারসাধক রবি শঙ্কর থেকে বাংলার ‘হিমু’ হুমায়ূন কাঁদিয়েছেন হাজারো ভক্ত হৃদয়কে। এতো সবের মধ্যেও জীবন বেছে নিয়েছে সঙ্গী, সাথে তারকাজগতের বেশ কিছু বিচ্ছেদ আলোড়িত করেছে সবাইকে। বছর শেষে এসবের-ই ফিরে দেখার চেষ্টা-

চলতি বছর বাংলাদেশের চলচ্চিত্রের জন্য মোটেও সুখকর ছিল না। এ বছর ছবি মুক্তি পেয়েছে ৪৮টি, যা তিন দশকে সবচেয়ে কম। ২০ জানুয়ারি ‘মারুফের চ্যালেঞ্জ’ দিয়ে শুরু, ২৮ ডিসেম্বরে ‘নায়ওরী’ দিয়ে বছর শেষ। বাণিজ্যিক ও বিকল্পধারা মিলে ছবি ৪৮টি হলেও প্রেক্ষাগৃহে দেখা গেছে মাত্র ৩৪টি।

সফলতায় না হলেও ‘পম গানা’ খ্যাত এমএ জলিল অনন্তর ‘মোস্ট ওয়েলকাম’ ছিল আলোচিত। দর্শক মন কাড়ে শাহিন সুমনের ডিজিটাল চলচ্চিত্র ‘ভালবাসার রঙকে’, ‘লাল টিপ’, ‘ডন নাম্বরার ওয়ান’, ‘রাজা সূর্য খাঁ’। তবে ‘কমন জেন্ডার’ প্রসংশিত হয় সর্বমহলে। প্রয়াত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের শেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’ ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর শেষদিকে রেদোয়ান রনির দুই বাংলার মিশেলে তৈরি ‘চোরাবালি’ সাড়া ফেলেছে সিনেমাপাড়ায়। আর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে পরিচিত করেছে মোস্তফা সরওয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ছবি।

২০১২ সাল ঢালিউড হারিয়েছে কিংবদন্তি অভিনেতাদের। ২০ জানুয়ারি হৃদরোগে মারা যান অমল বোস। ৬০ বছর বয়সে ১৩ ফেব্রুয়ারি বহুমাত্রিক অভিনেতা হুমায়ূন ফরিদী এবং পরিচালক, নাট্যকার ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ মারা যান ১৯ জুলাই। ১৬ নভেম্বর না ফেরার দেশে যান চলচ্চিত্রকার সুভাষ দত্ত। এছাড়া ২০ ডিসেম্বর শামসুদ্দিন কায়েস, ৮ জুলাই কবিতা, ২৭ ফেব্রুয়ারি আলমগীর কুমকুমকে হারায় ঢালিউড। তবে সবাইকে ছাপিয়ে হুমায়ূন আহমেদের মৃত্যু গোটা দেশকে স্তব্ধ করে তুলেছিল।

আর বছরের শেষ প্রান্তে এসে সঙ্গীতজগত হারায় কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী, স্বরলিপিকার, প্রশিক্ষক ও গবেষক সোহরাব হোসেনকে। ২৭ ডিসেম্বর ৯১ বছর বয়সে মারা যান তিনি। আর স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কলিম শরাফী মারা যান ২ নভেম্বর।

বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সংগীতাঙ্গন মুখরিত ছিল তরুণদের পদচারণায়। তাই বলে অগ্রজরাও পিছিয়ে ছিলেন না। বরাবরের মতো এবারো হাবিব ওয়াহিদ আলোচনায় একক ‘স্বাধীন’ অ্যালবাম দিয়ে। আরেফিন রুমী মিশ্র ও সিনেমার গান, ন্যান্সি একক ‘রঙ’ অ্যালবামে, কনা সিনেমার প্লেব্যাকে রঙ ছড়িয়েছেন।

ঢাকায় বিশ্ব উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবকে ছাপিয়ে মিউজিকজগত আলোচনায় ছিল হৃদয় খানের প্রেম, ন্যান্সির বিচ্ছেদ, আরেফিন রুমির দ্বিতীয় বিয়ে, অস্ত্র, ইয়াবাসহ শওকত আলী ইমনের গ্রেপ্তার।

এর বাইরে আলোচনার জন্ম দেয় তৌকির-বিপাশার মামলা, শখ-নিলয়ের বাগদান আর নিরব-সারিকার প্রণয়ে ভাঙন।

চলতি বছর ছবি মুক্তি ও ব্যবসার জয়জয়কারের মধ্যেও বলিউডে শোকে ভেসেছে একাধিকবার। এবার মোট ১৫০টি ছবি মুক্তি পেয়েছে। রেকর্ড আটটি ছবি ১০০ কোটি রুপির বেশি অর্থ ব্যয়ে নির্মিত হয়েছে।

সর্বাধিক ব্যবসাসফল ছবির তালিকায় প্রথমেই রয়েছে সাবেক প্রেমিক যুগল সালমান-ক্যাটরিনার ‘এক থা টাইগার’। এরপর অক্ষয়-সোনাক্ষীর ‘রাউডি রাঠোর’, অটিস্টিক প্রিয়াঙ্কা চোপড়ার ‘বরফি’, প্রিয়াঙ্কা-হৃত্ত্বিকের ‘অগ্নিপথ’, প্রয়াত যশ চোপড়া পরিচালিত ও শাহরুখ খান-ক্যাটরিনার ‘যাব তাক হ্যায় জানও’ রীতিমত বাজার মাত করে।

বছরের শেষদিকে এসে অজয়-সোনাক্ষীর ‘সন অব সরদার’ এবং আমির-রানীর ‘তালাশ’ ছাড়াও ‘বোল বচ্চন’, ‘ওহ মাই গড’ ছবিগুলো আয়ের শীর্ষে ছিল।

চলতি বছর আলোচনায় ছিল- বিদ্যা বালানের ডার্টি পিকচার, ককটেল, রাজ-৩, স্টুডেন্ট অব দ্য ইয়ার, ইশাকজাদে, কাহানি, জান্নাত-২, ভিকি ডোনার, ইংলিশ ভিংলিশের মতো ছবিগুলোও। দীর্ঘ সময় পর ‘ইংলিশ ভিংলিশ’ ছবিতে অভিনয় করে চমক সৃষ্টি করেছেন এক সময়ের পর্দা কাপানো অভিনেত্রী শ্রীদেবী।

সিনেমার বাইরে আলোচিত ছিল ছোট নবার সাইফ আলী খান ও কাপুর পরিবারের কন্যা কারিনা কাপুরের বিয়ে। ১৭ অক্টোবর তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন। আর শেষের দিকে এসে ১৪ ডিসেম্বর জুটি বাঁধেন বিদ্যা বালান ও সিদ্ধার্থ রায় কাপুর। বছরের প্রথমদিকে বিয়ে করেন রিতেশ দেশমুখ ও জেনেলিকা ডিসুজা। এছাড়া এশা দেওল ও ভারত তাখতানিও এ বছরই গাঁটছড়া বাঁধেন।

বছরের আলোচিত গুঞ্জনে ছিল রানী মুখার্জি ও আদিত্য চোপড়ার গোপন বিয়ে, শাহরুখ-প্রিয়াঙ্কার অভিসার, রণবীর-ক্যাটরিনা প্রেম। করণ জোহর-প্রিয়াঙ্কা বাকযুদ্ধে উত্তাপ ছড়ান। ‘যাব তাক হ্যায় জানের’ বিরুদ্ধে মামলা ঠুকে দেয় ‘সন অব সরদার’।

বছরের সবচেয়ে মহেন্দ্র ক্ষণের জন্ম দেন ঐশ্বরিয়া-অভিষেক বচ্চনের কন্যা আরাধ্য বচ্চন। দীর্ঘ গোপনীয়তার মধ্যে এবার দাতা অমিতাভ বচ্চনের জন্মদিনে পাপ্পারাজ্জির ক্যামেরায় ধরা পড়ে যায় আরাধ্য।

এছাড়া লারা দত্ত ও সেলিনা জেটলি মা হয়েছেন এ বছর। ক্যান্সারের সাথে লড়ছেন মনিষা কৈরালা। আর অভিনেতা অমিতাভ বচ্চন ৭০তম এবং দিলীপ কুমার জীবনের ৯০ বসন্ত পার করেছেন।

বলিউডে ২০১২ সালে আবির্ভাব ঘটে গায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার। দীর্ঘ ১৫ বছর পর এআর রহমান একক অ্যালবাম ‘ইনফিনিটিভ লাভ’ বের করেন। আর সবার মুখে মুখে ফিরেছে চিকনি চামেলি (অগ্নিপথ), হালকাত জাওয়ানি (হিরোইন), ছাল্লা (যাব তাক হ্যায় জান), মাশাল্লা (এক থা টাইগার) এবং দ্য ডিসকো সং (স্টুডেন্ট অব দ্য ইয়ার) গানগুলো। তবে সাড়া ফেলে তামিল ও ইংলিশ মিশ্রণে ধানুসের ‘কলাবেরি ডি’ গানটি।

চলতি বছরে গজল সম্রাট মেহেদী হাসান ১৩ জুন কোটি ভক্তকে কাঁদিয়ে ৮৪ বছর বয়সে চলে যান না ফেরার দেশে। বলিউড সুপারস্টার রাজেশ খান্না ৭০ বছর বয়সে ১৮ জুলাই মারা যান। আর কিং অব রোমান্স খ্যাত পরিচালক ও প্রযোজক যশ রাজ চোপড়া পুরো মুম্বাইকে কাঁদিয়ে ২১ অক্টোবর মারা যান। ১১ ডিসেম্বর ৯২ বছর বয়সে সবাইকে ছেড়ে যান উপমহাদেশের সেতারবাধক পণ্ডিত রবি শঙ্কর।

হলিউডে বছরজুড়ে মুক্তি পেয়েছে কয়েকশ’। কিন্তু কাহিনী, তারকা ও পরিচালক সব মিলিয়ে কয়েকটি ছবি ছিল আলোচনার শীর্ষে। দর্শকরা যেমন এসব ছবির জন্য অপেক্ষার প্রহর গুণেছে, তেমনি তারকারাও চেষ্টা করেছেন তাদের সর্বোচ্চ দিতে।

২০১২ সালের সবচেয়ে ব্যবসা সফল ছবি একাধিক সুপার হিরোদের নিয়ে নির্মিত ‘দ্য অ্যাভেঞ্জারর্স’। ছবিতে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর ও হাল্কের মতো সুপারহিরোরা পারফর্ম করেন।

এরপর ‘দ্য ডার্ক নাইট রাইজেস’, জেমস বন্ড সিরিজের ‘স্কাইফল’, অ্যানিমেটেড ‘আইস এইজ কন্টিনেন্টাল ড্রিফট’, ‘মাদাগাস্কার থ্রি: ইউরোপ মোস্ট ওয়ানটেড’ এবং ‘ব্রেভ’ বেশ যশ অর্জন করে।

সবচেয়ে ব্যবসাসফল ছবির মধ্যে পাঁচে রয়েছে- ‘টোয়াইলাইট’ সিরিজের ‘দ্য টোয়াইলাইট: ডন পার্ট-২’। ‘দ্য অ্যামেজিং স্পাইডার ম্যান’ মুক্তির পরেই বক্স অফিস কাপিয়ে ষষ্ঠ স্থান দখল করে।

হলিউডে বিবাহ বিচ্ছেদ অনেকটা ডাল-ভাতের মতো। আর এদিক দিয়ে আলোচনায় এগিয়ে আছেন টম ক্রুজ ও কেটি হোমসের বিচ্ছেদ। মেরি মাথস ও নিটল কিউমেনের পর কেটি হোমসের সাথেও টিকেনি ক্রুজের বিয়ে। তবে আইনি লড়াইয়ের পর টমকে গুণতে হয়েছে পুরো ১৬ কোটি ডলার, যা এখন পযর্ন্ত সবচেয়ে দামী বিয়ে বিচ্ছেদ।

ঘর বাঁধার আগেই ভাঙতে বসেছিল টেয়াইলাইট খ্যাত রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্টের সম্পর্ক। বছর জুড়ে কানা-ঘোষার পর বিচ্ছেদ ঘোষণা এবং ফের গলাগলি ধরে বেড়ানো শুরু।

চলতি বছরের নভেম্বরে ছাড়াছাড়ি হয়ে গেছে টিনেজ তারকা জুটি জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের সম্পর্ক। দেড় বছরের বেশি সময় ধরে তাদের মন দেয়া-নেয়া চলে। অন্যদিকে গায়ক ক্রিস ব্রাউন ও গায়িকা রিহানার প্রেম সংসার, পুনর্মিলন ও ছাড়াছাড়ির খবর সারা বছরই পশ্চিমের ট্যাবলয়েডগুলোতে চিত্ত দিয়ে এসেছে।

ভাষার শিকলে বাঁধা পড়েনি দক্ষিণ কোরীয় শিল্পী সাইয়ের গাওয়া ‘গ্যাংনাম স্টাইল’ গানটি। ব্রিটিশ টপচার্টে রীতিমতো কয়েক মাস জুড়ে রাজত্ব করেছে গানটি। শুধু তাই নয়, ইউটিউবে ১০১ কোটি তিন লক্ষ ২১ হাজার ৯২১ বার দেখেছে দশর্ক। ফলে লেডি গাগা, রিহানা, শাকিরা ও জাস্টিন বিবারের মতো তারকাদের রেকর্ড ভেঙে দেয়।

ব্রিটিশ সংগীতাঙ্গন থেকে এ বছর বিদায় নিয়েছেন কয়েকজন প্রথিতযশা শিল্পী। এ বিদায় কাঁদিয়েছে হাজারো ভক্তদের। বছরের প্রথম দিকে ১১ ফেব্রুয়ারি মারা যান ৪৮ বছর বয়সী ছয়বার গ্র্যামিজয়ী গায়িকা হুইটনি হাউস্টন। শুধু সংগীত জগতেই নয়, একধারে প্রযোজক মডেল ও অভিনেত্রী ছিলেন হুইটনি।

বিশ্ববাসীর কাছে কুইন অব ডিসকোখ্যাত ডোরা সামাল ১৭ মে ফুসফুস ক্যানসারে মারা যান। এছাড়া এ বছর সংগীত জগৎ হারায় ব্রিটিশ ব্যান্ড দল ‘বি জিপসের’ রবিন হে গিভ’কে। ৬২ বছর বয়সে মারা যান জনপ্রিয় এই শিল্পী।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এসএম/এমআই_ ২০১৩ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

সুরের মায়াজালে ফরেস্টের ইউরোভিশন জয়

ডেনমার্কের ২০ বছর বয়সী এই শিল্পী ‘টিয়ারড্রপস’ গানটি দিয়ে দর্শকদের মন জয় করে শ্রেষ্ঠ শিল্পীর পদক জিতে নিয়েছেন। . . . বিস্তারিত

কারাগারে সঞ্জয় দত্ত, থাকতে হবে ৪২ মাস

অবশেষে কারাগারেই যাচ্ছেন মুন্নাভাই খ্যাত বলিউড সুপাস্টার সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রথমে রাজধানীর বিশেষ ট . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com