সর্বশেষ সংবাদঃ

বিপিএল দ্বিতীয় আসরের পর্দা উঠছে আজ

১৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসরের পর্দা উঠছে আজ। তবে শেষ মুহূর্তে পাকিস্তানি খেলোয়াড়দের না আসার খবরে বিপিএলের জমকালো আয়োজন কিছুটা ফিকে হয়ে গেছে।

বৃহস্পতিবার বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে আগামীকাল শুক্রবার থেকে বিপিএলের দ্বিতীয় আসরের খেলা মাঠে গড়াবে।

অনেক টানাপড়েনের পর পাকিস্তানের ক্রিকেটারদের ছাড়াই বিপিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর শুরুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটাররা আসছে না। এখন এলেও আর তাদের নেয়া হবে না।’

পাকিস্তানের খেলোয়াড়দের ছাড়াই নির্ধারিত সময়ে বিপিএলের দ্বিতীয় আসর শুরু হবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘যথাযোগ্য বিকল্প খেলোয়াড় আনা হচ্ছে। নির্ধারিত সময়ে বিপিএল শুরু হবে। সূচিতে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। বিপিএল ভালোভাবেই শুরু ও শেষ হবে।’

বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘মঙ্গলবার পিসিবিকে ই-মেইল দিয়ে জানানো হয়েছিল, ক্রিকেটার পাঠানোর বিষয়টি বুধবার সকাল ১০টার মধ্যে নিশ্চিত করতে। এর মধ্যে আমরা কোনো জবাব পাইনি।’

‘তাদের (পিসিবির) চিফ অপারেটিং অফিসার সুবহান আহমেদ আন-অফিসিয়ালি জানিয়েছেন, পাকিস্তান সফরের ব্যাপারটি নিশ্চিত না করলে বিপিএলে তারা খেলোয়াড় পাঠাবে না’ যোগ করেন তিনি।

এই সঙ্কটে অন্য বোর্ডগুলোকে পাশেই পাচ্ছে বিসিবি। তা না হলে এত কম সময়ে এত খেলোয়াড়ের যোগ্য বিকল্প খুঁজে পাওয়া যেত না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

এ ব্যাপারে তিনি বলেন, ‘পাকিস্তানের বেশিরভাগ খেলোয়াড়ের চেয়ে ভালো বিকল্প পাওয়া গেছে। ফ্র্যাঞ্চাইজিরা নাম দিলে আমরা অনুমোদন দিচ্ছি। আবার কোনো খেলোয়াড়ের ব্যাপারে সহায়তা চাইলেও আমরা তা করছি।’

পাপন বলেন, ‘অন্যান্য বোর্ডের সঙ্গে অনানুষ্ঠানিক কথা হয়েছে। চার-পাঁচটি দেশ থেকে বিকল্প খেলোয়াড় আসছে। আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটারও আগ্রহ দেখিয়েছে।’

বিপিএলের এবারের আসরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে ২৭ পাকিস্তানি ক্রিকেটার খেলার কথা ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি সাতজন ক্রিকেটার ছিলেন খুলনা রয়্যাল বেঙ্গলসে। দলটির পাকিস্তানি খেলোয়াড়রা হচ্ছেন- শোয়েব মালিক, উমর আকমল, ওয়েইস জিয়া, উমর আমিন, আহমেদ শেহজাদ, হারিস সোহেল ও বিলাওয়াল ভাট্টি।

সিলেট রয়্যালসে চারজন- আজিম ঘুম্মান, জুলফিকার বাবর, বাবর আজম ও সোহেল আহমেদ। দুরন্ত রাজশাহীতেও চারজন—আবদুর রাজ্জাক, শেহজাইব হাসান, খালিদ লতিফ ও মোহাম্মদ সামি।

বরিশাল বার্নার্সে চারজন- সাঈদ আজমল, উমর গুল, কামরান আকমল ও হাম্মাদ আজম। রংপুর রাইডার্সেও চারজন- শারজিল খান, আনোয়ার আলী, জোয়াইব খান ও রাজা আলী দার।

চিটাগং কিংসের তিনজন- ইমরান নাজির, ওয়াহাব রিয়াজ ও সাঈদ আনোয়ার জুনিয়র এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্সে মাত্র একজন শহিদ আফ্রিদি।

টুর্নামেন্ট শুরু হওয়ার একদিন আগে পাকিস্তানি ক্রিকেটারদের না আসার খবরে ফ্র্যাঞ্চাইজিগুলো রীতিমত বিপাকে পড়েছে বলে জানা গেছে। তবে খেলা শুরু হওয়ার আগেই নিজ নিজ দল ঘুছিয়ে নিতে মরিয়া ফ্র্যাঞ্চাইজিরা।

প্রসঙ্গত, পূর্বপ্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তান সফরে না পাঠানোয় সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর চটেছে পিসিবি। এর জের ধরে বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের না পাঠানোরও ইঙ্গিত দিয়ে আসছিল তারা।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এফএন/এসআই_ ২২২১ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

জয় দিয়ে সফর শেষ করতে চায় টাইগাররা

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ জিতে সফর শেষ করতে চায় বাংলাদেশ। সফরের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে রোববার মাঠে নামবে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com