সর্বশেষ সংবাদঃ

প্রীতি ফুটবল ম্যাচে নদীয়ায় দুই বাংলার মিলন মেলা

০৪ জানুয়ারি,২০১৩

মেহেরপুর: মেহেরপুর-কুষ্টিয়া সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার শিকারপুর হাইস্কুল মাঠে বৃহস্পতিবার হয়ে গেল দুই বাংলার মানুষের প্রীতি ফুটবল প্রতিযোগিতা।

প্রায় ৪০বছর পর সীমান্তে এই প্রথম দুই বাংলার ফুটবল দলের খেলা দেখতে মায়ার টানে দর্শক সারিতে ভিড় জমিয়েছিল কয়েক হাজার দর্শক। দর্শকদের মাঝে এক অভূতপূর্ব আনন্দ দেখেছেন এ খেলার আয়োজকরা।

সীমান্তে দু’দেশের মানুষের মাঝে সম্পর্ক উন্নয়ন এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টর এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নদীয়ার বহরমপুর সেক্টর এ প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে।

শিকারপুর হাইস্কুল মাঠে ভারতীয় সময় দুপুর আড়াইটায় দুই বাংলার স্থানীয় দুটি দল খেলায় অংশ নেয়। বাংলাদেশ থেকে বিজিবি, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সীমিত সংখ্যক দর্শক মাঠে যাওয়ার অনুমতি পায়। পশ্চিমবঙ্গের হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়।

খেলা নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র হয়। ট্রাইবেকারে বাংলাদেশ দল ৪-৩ গোলে ভারতীয় দলকে পরাজিত করে। তবে জয় পরাজয় যাই হোক দুইবাংলার মানুষের এ খেলা দেখে বেজায় খুশি দর্শকরা।

খেলোয়াড়দের হাতে ট্রফি ও উপহার তুলে দেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মো. ফরিদ উদ্দীন ও বিএসফ বহরামপুর সেক্টর কমান্ডার রাজ কুমার।

এ সময় কুষ্টিয়া ৩২ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর লুৎফুল করিম, বিএসএফ অধিনায়ক মো. মাসুদ সহ বিজিবি-বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেহেরপুরের গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম বলেন, ১৯৭২ সালে এই শিকারপুর ফুটবল মাঠে বাংলাদেশ-ভারত স্থানীয় দুটি দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল। দুইবাংলার দর্শকদের এতো ভিড় ছিল যে অনেকেই খেলা দেখা থেকে বঞ্চিত হয়েছিলেন।

আর ৪০ বছর পর একই মাঠে আবারও অনুষ্ঠিত হলো প্রীতি ফুটবল ম্যাচ। আর এই ম্যাচ প্রাণভরে উপভোগ করে অনেকের অতৃপ্ত আত্মা তৃপ্ত হয়েছে। এ প্রীতি ম্যাচ দু’দেশের মানুষের সন্দেহ-অবিশ্বাস দূর করে সম্প্রীতি এনে দেবে।

ঐতিহ্যবাহী শিকারপুর হাইস্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত দাস বললেন, দুই বাংলার ভাষা, খাদ্য এবং সংস্কৃতি একই সুতোয় গাঁথা। সব কিছুর মিল থাকা সত্বেও সীমান্তের কাঁটাতারের বেড়া তাদের বিভক্ত করে রেখেছে।

বিজিবি সেক্টর কমান্ডার বললেন, সীমান্তে দুবাংলার মানুষের মাঝে সম্পর্কের উন্নয়নের জন্য এই প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে।

একই কথা জানান বিএসএফ সেক্টর কমান্ডার রাজ কুমার। তার মতে, মানুষের মিলন মেলার মধ্য দিয়ে সীমান্তের অপ্রীতিকর ঘটনাও রোধ করা যাবে।

বাংলাদেশ ভূখণ্ডেও একই ধরনের খলার আয়োজন করা হবে বলে জানান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. ফরিদ উদ্দীন পিএসসিজি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এসআই_ ২৩৪৭ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

জয় দিয়ে সফর শেষ করতে চায় টাইগাররা

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ জিতে সফর শেষ করতে চায় বাংলাদেশ। সফরের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে রোববার মাঠে নামবে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com