সর্বশেষ সংবাদঃ

টাইগাররা পাকিস্তানে যাচ্ছে না

৩১ ডিসেম্বর,২০১২

ক্রীড়া প্রতিবেদক, ৩১ ডিসেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বাংলাদেশ ক্রিকেট দল আপাতত পাকিস্তান সফরে যাচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তবে সার্বিক বিবেচনায় পরিস্থিতির উন্নতি হলে বিসিবি আবারো এই সফরের কথা বিবেচনা করবে বলেও আভাস দেন তিনি।

সোমবার হোটেল রূপসী বাংলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নাজমুল হাসান পাপন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পাকিস্তানের পরিস্থিতি অবনতির দিকে। এই সফর নিয়ে দেশের ভেতরেও অনেক উৎকণ্ঠা আছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সফরে যাওয়া সমীচীন হবে না।’

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের ওপর এক সন্ত্রাসী হামলা হয়। শ্রীলঙ্কা ক্রিকেট দলের সদস্যরা কোচে করে গাদ্দাফি স্টেডিয়ামে যাচ্ছিলেন তখন ওই কোচের ওপর বেশ কিছু বন্দুকধারী হামলা চালায়।

ওই হামলায় আটজন পাকিস্তানি নিহত এবং ছয়জন শ্রীলঙ্কান ক্রিকেটার আহত হন। এরপর কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যায়নি।

তবে চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। আদালতের নিষেধাজ্ঞার কারণে সেবার সফরে যেতে পারেনি তারা। তবে আগামী মাসে পাকিস্তানে যাওয়ার বিষয়ে দেশটিকে প্রতিশ্রুতি দেয় বিসিবি।

এ পরিপ্রেক্ষিতে গত ২২ ডিসেম্বর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ জানান, বাংলাদেশ জানুয়ারিতে পাকিস্তানে খেলতে রাজি হয়েছে। এ সময় তিনি সফরসূচিও জানিয়েছিলেন।

পিসিবি সভাপতির বক্তব্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘পিসিবিকে লিখিত প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তিন দিনের সফরে পাকিস্তান যেতে পারে বাংলাদেশ।’

তবে এই সফরে যাওয়ার ব্যাপারে খেলোয়াড় ও কোচ কাউকে চাপ দেয়া হবে না বলেও জানান তিনি।

বিসিবির এই সিদ্ধান্ত দেশের ভেতরেই প্রবল সমালোচনার মুখে পড়ে। বিভিন্ন স্থানে মিছিল মানবন্ধনের পাশাপাশি সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতেও বাংলাদেশ দলকে পাকিস্তানে না পাঠানোর জোরালো দাবি ওঠে।

খোদ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি তিনি প্রধানমন্ত্রীর সাথেও এ নিয়ে কথা বলবেন বলে কয়েকদিন আগে সংবাদ মাধ্যমকে জানান।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এসএম/এমআই_ ১৫৪৩ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

পয়লা জুলাই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলাদেশের জনপ্রিয় একদিনের ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকে . . . বিস্তারিত

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com