সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   শিক্ষাঙ্গন

ইবিতে পুলিশের অস্ত্র কেড়ে ছাত্রলীগের গুলি, আহত ৫০

১৭ জানুয়ারি,২০১৩

পুলিশের অস্ত্র হাতে ছাত্রলীগের ইবি শাখার সাংগঠনিক সম্পাদক সজিব গুলি চালাচ্ছেন সজিব চাপাতি হাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বাসে ভাঙচুর করে উভয় দল

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীরা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দুটি ছাত্রসংগঠনের সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গাড়ি, শিক্ষকদের আবাসিক ভবন ছাড়াও সড়কের গণপরিবহনে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইবি ক্যাম্পাসে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ রাউন্ড গুলির আওয়াজ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

সংঘর্ষের পর পুলিশ শিক্ষকদের কোয়ার্টারে অভিযান চালিয়ে ছাত্রদল সভাপতিসহ ১০ জনকে আটক করে। গুরুতর আহতদের ইবি মেডিকেল ও আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত ১২ জানুযারি শিক্ষকদের ওপর ছাত্রলীগের নেতৃত্বে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রদল। মিছিলটি প্রশাসন ভবনের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা-কর্মীরা পুনরায় মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনে গেলে পেছন দিক থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাদের ধাওয়া করে।

ধাওয়া খেয়ে ছাত্রদল নেতা-কর্মীরা মেইন গেইট দিয়ে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেইটে অবস্থান নেয় এবং ছাত্রলীগ অবস্থান নেয় মেইন গেইটে। মেইন গেইট দিয়ে যাবার সময় ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের একটি অ্যাম্বুলেন্সে ভাঙচুর করে।

পরে ছাত্রদল নেতা-কর্মীরা দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় সংগঠিত হয়ে তৃতীয় গেইট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে প্রশাসন ভবনের কাছে ছাত্রলীগকে পাল্টা ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এ সময় উভয়পক্ষকে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে আক্রমণ করতে দেখা গেছে। এ সময় ২০ রাউন্ড গুলি বিনিময়ের শব্দ শোনা গেছে।

সংঘর্ষের সময় ছাত্রলীগ সভাপতি ও ক্যাডার সজিবকে পুলিশের বন্দুক কেড়ে নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর গুলি করতে দেখা গেছে। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল জোয়ার্দ্দারসহ কয়েকজন নেতা-কর্মী লাঠি উচিয়ে পুলিশকে তাড়া করে। এক পর্যায়ে তারা বেশ কয়েকজন পুলিশকেও পেটান।

সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আক্তারুল ইসলাম জিল্লুর ভূমিকা নিয়ে ছাত্রদল অভিযোগ করেছে।

পরে ছাত্রলীগের সঙ্গে পুলিশও ছাত্রদলের ওপর চড়াও হলে এক পর্যায়ে ছাত্রদল নেতা-কর্মীদের একাংশ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেইট দিয়ে বের হয়ে যায় এবং কিছু নেতা-কর্মী শিক্ষকদের আবাসিক এলাকায় মমতাজ ভবনে আশ্রয় নেয়।

ছাত্রলীগ নেতা-কর্মীরা প্রাশাসন ভবনের পাশে রাখা বিশ্ববিদ্যালয়ের ৬টি গাড়িতে এবং মমতাজ ভবনে ব্যাপক ভাঙচুর চালায়।

প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে ছাত্রলীগের সহ-সভাপতি তৌফিকুর রহমান হিটলার, বঙ্গবন্ধু হল শাখার সভাপতি সাইফুল ইসলাম, সবুজ, ছাত্রলীগের বহিরাগত অস্ত্রধারী পিকুল (বোমা পিকুল), হালিম, বাবুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

অন্যদিকে, ছাত্রদলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সহ-সভাপতি মুহাইমেনুল ইসলাম সোহাগ, সিরাজ, আনিছ, ফারুক, রঞ্জু, সাব্বির, সাহেদ, রাসেল, শাহিন, তুহিন, আরিফ, জিল্লু, মেহদি, লিটনসহ অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে।

পরে বিকাল ৩টার দিকে কুষ্টিয়া থেকে স্পেশাল পুলিশ ফোর্স এসে মমতাজ ভবনে আশ্রয় নেয়া ৮ ছাত্রদল নেতা-কর্মীকে বের করে আটক করে। আটককৃত ছাত্রদল নেতা-কর্মীরা হলেন- ছাত্রদল সভাপতি ওমর ফারুক, আমীরুল, মনির, রিপন, মাহতাব, আনিছ, আরিফ। এ সময় পুলিশ তাদের বেধড়ক মারপিট করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কনস্টেবল বলেন, ‘পেটের দায়ে মানুষের নিরাপত্তা দেয়ার কাজ করি। অথচ ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের বেধড়ক পিটিয়ে আহত করেছে এবং আমাদেরই অস্ত্র কেড়ে নিয়ে গুলি করেছে। ফলে চাকরি হারানোর আশঙ্কায় আছি আমরা।’

প্রক্টর অধ্যাপক ড. আক্তারুল ইসলাম জিল্লু বলেন, ‘আমি ইবি থানার ওসিকে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেছি এবং তিনি ব্যবস্থা নিয়েছেন।’

তবে ইবি থানার ওসি আতিয়ার রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিবেদক/কিউআই/এমআই_ ২১১০ ঘ.

অন্যান্য সংবাদ(শিক্ষাঙ্গন)

এমসি কলেজে ছাত্রলীগের গোলাগুলি, আহত ২০

রবিবার দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ ও ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের মধ্ . . . বিস্তারিত

শাবি ছাত্রলীগে ঘোষিত কমিটি নিয়ে বিবাদ, আহত ৩

পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ তিন দফা দাবিতে রবিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে গ্রুপগুলোর মধ্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com