সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   শিক্ষাঙ্গন

লক্ষ্মীপুর কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে ছাত্রলীগ

০৬ জানুয়ারি,২০১৩

লক্ষ্মীপুর: অনার্স ১ম বর্ষ ভর্তিচ্ছুদের কাছ থেকে কর্তৃপক্ষ অতিরিক্ত ফি আদায় করছে এমন অভিযোগে লক্ষ্মীপুর সরকারি কলেজের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দিয়েছে ছাত্রলীগ নেতা-কর্মীরা।

রোববার দুপুর ১টার দিকে ছাত্রলীগ কলেজ শাখার উদ্যোগে এ তালা দেয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন আজিম বলেন, কলেজ কর্তৃপক্ষ নির্দেশনা ফি নামে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত দুইশ থেকে পাঁচশ টাকা পর্যন্ত হাতিয়ে নিচ্ছে। এ টাকার কোন রশিদ শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে না।

এছাড়া সম্প্রতি এইচএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। রোববার অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় সাধারণ ফির বাইরে ৫০০ টাকা করে বেশি নেওয়ায় আমরা এর প্রতিবাদ জানাই।

কিন্তু কলেজ কর্তৃপক্ষ আমাদের সাথে কোন আলোচনা না করায় আমরা বাধ্য হয়ে ছাত্রলীগ কলেজ শাখা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দুপুরে কলেজের প্রশাসনিক ভবনে তালা মেরে দিই।

নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক জানান, আমার বোনকে নিয়ে এসেছি অনার্স ১ম বর্ষে ভর্তির জন্য। কিন্তু এসে দেখি কলেজ প্রশাসনিক ভবনে তালা। তাই ভর্তি করা সম্ভব হয়নি।

কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক বেলায়েত হোসেন জানান, আমরা শিক্ষকরা কলেজ মিলনায়তনে বসে ছিলাম। দুপুর ১টার দিকে যোহরের নামাজে যেতে গিয়ে দেখি কে বা কারা প্রশাসনিক ভবনের সব গেইটে তালা মেরে দিয়েছে। এ কারণে নামাজেও যেতে পারছিনা।

লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ভিপি মুজিবুর রহমান মুরাদ জানান, তালার ঘটনা দুঃখজনক। ছাত্রলীগ কলেজ শাখার নেতৃবৃন্দের সাথে অধ্যাক্ষের বিভিন্ন বিষয় নিয়ে সমন্বয় না থাকায় এ ঘটনা ঘটেছে।

এদিকে গেইটে তালা থাকায় মোবাইলে অধ্যক্ষের সাথে যোগাযোগ করা হলে অধ্যক্ষ  মো. সোলায়মান জানান, তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে এ সমস্যা হয়েছে। তবে আমরা বৈঠকে বসেছি, আশা করি খুব দ্রুত বিষয়টি সমাধান হয়ে যাবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/কিউআই/এমএম_১৬২৫ ঘ.

অন্যান্য সংবাদ(শিক্ষাঙ্গন)

এমসি কলেজে ছাত্রলীগের গোলাগুলি, আহত ২০

রবিবার দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ ও ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের মধ্ . . . বিস্তারিত

শাবি ছাত্রলীগে ঘোষিত কমিটি নিয়ে বিবাদ, আহত ৩

পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ তিন দফা দাবিতে রবিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে গ্রুপগুলোর মধ্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com