সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   শিক্ষাঙ্গন

জয়বাংলা শ্লোগান দিয়ে শিক্ষকদের ওপর হামলা

০২ জানুয়ারি,২০১৩

নাটোর: নাটোরের তমালতলা কৃষি ও কারিগরি ডিগ্রি কলেজের অধ্যক্ষের পুনঃনিয়োগের বিরোধিতাকারী শিক্ষকদের মিছিলের ওপর হামলা চালিয়েছে অধ্যক্ষের সমর্থক ও বহিরাগতরা।

এ ঘটনার প্রতিবাদে এবং অধ্যক্ষের চেয়ার দখলমুক্ত করার দাবিতে ক্লাস বর্জনসহ বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।

কলেজ সূত্রে জানা যায়, কর্তৃপক্ষের মাধ্যমে পুনঃনিয়োগ না হলেও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মাজেদুর রহমান চাঁদ কর্তৃক অধ্যক্ষের পদ দখলে রাখার চেষ্টার প্রতিবাদ জানাচ্ছিলেন শিক্ষকরা।

গত ৩১ ডিসেম্বর অধ্যক্ষের পূর্বের বর্ধিত মেয়াদ শেষ হয়ে গেলে শিক্ষকরা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার দাবি জানান।

মঙ্গলবার প্রতিবাদী শিক্ষকরা তার দায়িত্ব আঁকড়ে থাকার প্রতিবাদে মিছিল বের করলে অধ্যক্ষের সমর্থক কলেজের এক পিয়ন ও বহিরাগতরা পুলিশের সামনেই জয়বাংলা শ্লোগান দিয়ে মিছিলে হামলা চালায়।

হামলাকরীরা শিক্ষকদের ব্যানার-ফেস্টুন কেড়ে নেয়। হামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন আহত হয়েছেন।

ঘটনার প্রতিবাদে অধ্যক্ষের চেয়ার দখলমুক্ত না হওয়া পর্যন্ত শিক্ষকরা টানা ক্লাস বর্জনের ঘোষণা দেন। বুধবার দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন অব্যাহত রেখেছেন শিক্ষকরা।

উল্লেখ্য, ২০১১ সালের ১ জানুয়ারি দুই বছরের জন্য পুনঃনিয়োগ নেন অধ্যক্ষ মাজেদুর রহমান। শিক্ষকরা তাকে মেনে না নিয়ে আন্দোলন চালিয়ে গেলেও সমস্যা সমাধান হয়নি। এভাবেই কেটে যায় দুবছর।

এরমধ্যে অধ্যক্ষ এবং শিক্ষকরা কলেজের নানা ঘটনায় পাল্টাপাল্টি দ্রুত বিচার আইনে মামলাও দায়ের করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ড. আনোয়ার হোসেন বলেছেন, বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার পরামর্শ চেয়েছেন।

এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ড. তোফায়েল আহম্মেদ বলেছেন, পুনঃনিয়োগের মেয়াদ বৃদ্ধি না হলে দায়িত্ব চালিয়ে যাওয়া আইনসম্মত নয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/কিউআই_ ২৩৫৬ ঘ.

অন্যান্য সংবাদ(শিক্ষাঙ্গন)

শাবি ছাত্রলীগে ঘোষিত কমিটি নিয়ে বিবাদ, আহত ৩

পদবঞ্চিত ছাত্রলীগের একাংশ তিন দফা দাবিতে রবিবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। ফলে গ্রুপগুলোর মধ্য . . . বিস্তারিত

শাবিতে পদবঞ্চিতদের হামলায় ছাত্রলীগ নেতা আহত

ঘোষিত কমিটিকে প্রত্যাখ্যান করে পদবঞ্চিত নেতাকর্মীরা আবাসিক হল শাহ পরান ও দ্বিতীয় ছাত্র হলে বিক্ষোভ মিছিল করে। এই কমিটিতে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com