সর্বশেষ সংবাদঃ

‘পিপার স্প্রে’ বন্ধে সরকারকে নোটিস

১৭ জানুয়ারি,২০১৩

ফাইল ছবি

ঢাকা: সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে বিষাক্ত ‘পিপার স্প্রে’র ব্যবহার বন্ধে সুপ্রিম কোর্টের এক আইনজীবী আইনগত বিজ্ঞপ্তি (লিগ্যাল নোটিস) দিয়েছেন। বৃহস্পতিবার বিকালে অ্যাডভোকেট এখলাস উদ্দিন ভুঁইয়া এই নোটিস পাঠান।

পরে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি ও র‌্যাবের ডিজি বরাবর এই নোটিস রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে।

নোটিসে লস অ্যাঞ্জেলস টাইমসের উদ্ধৃতি দিয়ে এখলাস উদ্দিন বলেছেন, ‘এই পিপার স্প্রে’ ব্যবহারের ফলে ১৯৯০ থেকে ১৯৯৫ সালের মধ্যকার সময়ে যুক্তরাষ্ট্রে ৬১ জনের মৃত্যু হয়েছে। পিপার স্প্রে ক্যান্সারের কারণ ঘটাতে পারে বলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক গবেষণায় বলা হয়েছে।’

তিনি জানান, ‘এছাড়া এটি হৃদযন্ত্র, রক্ত প্রবাহ, ফুসফুস, স্নায়ু ও মস্তিস্কের ক্ষতির পাশাপাশি প্রাণসংহারের কারণ হতে পারে বলেও ওই গবেষণায় উল্লেখ করা হয়।’

নোটিসে বলা হয়, ‘কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে, সরকার বিরোধী বিভিন্ন সমাবেশে এমনকি পেশাজীবী শিক্ষকদের উপরও মানবদেহের জন্য ক্ষতিকারক পিপার স্প্রে নামে এক ধরণের অস্ত্র প্রয়োগ করছে। এর ফলে ইতিমধ্যে আক্রান্ত মানুষ চোখের কর্নিয়াসহ বিভিন্ন উপসর্গে আক্রান্ত হচ্ছেন।’

এতে আরো বলা হয়, একজন নাগরিকের সুস্থভাবে বাঁচার এবং শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার বাংলাদেশের সংবিধানে সুনির্দিষ্ট রয়েছে। পিপার স্প্রে নিক্ষেপ সংবিধানের লঙ্ঘন ও মৌলিক অধিকার পরিপন্থী।’

সম্প্রতি বিরোধীদলসহ বিভিন্ন আন্দোলন, বিক্ষোভ ঠেকাতে পুলিশ এই পিপার স্প্রে ব্যবহার করছে। সর্বপ্রথম নন-এমপিও শিক্ষকদের মিছিলে এই পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ। এতে আহত এক শিক্ষক পরে মারা যান।

সর্বশেষ বামপন্থীদের বুধারের হরতাল চলাকালে মিছিল ছত্রভঙ্গ করতে এই পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীরের পদত্যাগ দাবি করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম।

এছাড়া বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মুখপাত্র তরিকুল ইসলাম একই দাবি করেছেন।

তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি কোনোভাবেই প্রাণসংহারী নয়। স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান দাবি করেছেন, এই ধরনের স্প্রেতে মানুষের জন্য ক্ষতিকারক কিছু নেই।

এই নোটিসে সরকার পিপার স্প্রে বন্ধে পদক্ষেপ না নিলে সরকারের বিরুদ্ধে রিট আবেদন দায়ের করার কথাও জানিয়েছেন আইনজীবী এখলাস উদ্দিন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ডেজকে/এএ/এমআই_ ১৮০২ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

পদ্মা কেলেঙ্কারি:পরিবারের কারো জড়িত থাকার অভিযোগ নাকচ প্রধানমন্ত্রীর

তথ্য-উপাত্তে দেখা যায়, এসএনসি বিভাগ নিয়মিতভাবেই সাংকেতিক ভাষায় নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ অন্যান্য . . . বিস্তারিত

ঘূর্ণিঝড় ‘মহাসেনে’ উপকূলে কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কা দেখা দেয়ায় দেশের ১৫টি উপকূলীয় জেলায় ৩ হাজার ২৯৬টি আশ্রয়কেন্দ্রে মোট ৯ লাখ ৫৬ হাজার ৬৭২ জনকে স . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com