সর্বশেষ সংবাদঃ

গুম হওয়া সাক্ষী সুখরঞ্জনের সন্ধান দিন: এইচআরডব্লিউ

১৭ জানুয়ারি,২০১৩

এই গাড়িতে সুখরঞ্জনকে তুলে নেয়া হয় পুলিশের গাড়িতে বসা সাক্ষী বালী বালীকে নিয়ে স্থান ত্যাগ করছে গাড়ি

নিউজ ডেস্ক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গুম হওয়া সাফাই সাক্ষী সুখরঞ্জন বালীকে উদ্ধারে সরকারের নেয়া পদক্ষেপের ব্যাখ্যা চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এ ব্যাখ্যা দাবি করে।

প্রসঙ্গত, গত বছরের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটক থেকে সুখরঞ্জন বালীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায় বলে মাওলানা সাঈদীর আইনজীবীরা অভিযোগ করেন।

এইচআরডব্লিউ আজ জানায়, বালী গুম হওয়ার প্রায় দুই মাস পার হলেও এখন পর্যন্ত তার খোঁজ এবং অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ তাকে পুলিশি হেফাজতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

সুখরঞ্জন বালী মূলতঃ রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী ছিলেন। কিন্তু তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দির পক্ষে সাক্ষী দিতে তিনি কখনো ট্রাইব্যুনালে উপস্থিত হননি। শেষ পর্যন্ত বালী আসামিপক্ষের হয়ে সাক্ষ্য দিতে সম্মত হন।

অপহরণের অভিযোগ উঠার পর ওই ব্যক্তিকে হত্যার বিষয়টি সবচেয়ে উদ্বেগের মন্তব্য করে মানবাধিকার সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, ‘সরকারের উচিত ছিল তাকে খুঁজে বের করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো, কিন্তু সরকার কিছুই করেনি।’

আসামিপক্ষ সাক্ষী অপহরণের বিষয়টি অবহিত করলে ট্রাইব্যুনাল তা খতিয়ে দেখতে প্রসিকিউশনকে নির্দেশ দেয়। কিন্তু বিষয়টি তদন্তে পুলিশকে আদেশ দেয়া হয়নি। কয়েক ঘণ্টা পর বিষয়টি সাজানো বলে দাবি করে প্রসিকিউশন।

গত ১১ নভেম্বর হেভিয়াস কার্পাসের রিট আবেদনের শুনানিতে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টকে বলেছেন, সাক্ষী অপহরণের বিষয়টি বানোয়াট। আসামিপক্ষ ট্রাইব্যুনালের কার্যক্রম বিঘ্নিত করতে এটা সাজিয়েছে। কিন্তু বিষয়টি খতিয়ে দেখতে তিনি জোরালো পুলিশি তদন্তের প্রস্তাব করেননি।

এদিকে, আসামিপক্ষের একটি রিভিউ আবেদন এখন পর্যন্ত আপিল বিভাগে ঝুলে আছে। বালীর ক্ষেত্রে আসলে কী ঘটেছিল তা তদন্ত করতে কোনো ব্যবস্থা নেয়া হয়েছিল কি না তা এখনো অস্পষ্ট রয়ে গেছে।

১৯৭১ সালের ক্ষতিগ্রস্তদের ন্যায়বিচার নিশ্চিতের বিষয়টি হিউম্যান রাইটস ওয়াচ সব সময় সমর্থন জানিয়ে আসছে উল্লেখ করে বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়, এই বিচারে আন্তর্জাতিক মানের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

অ্যাডমস বলেন, ‘গুম ভয়ঙ্কর পর্যায়ের মানবাধিকার লঙ্ঘন। কারণ, তার পরিবার জানে না তাদের প্রিয়জন জীবিত বা মৃত কি না। তারা প্রতিদিন এই প্রশ্নের জবাব খুঁজে বেড়ায় যা আরেকটি দিনের দুঃখ ও দুর্দশায় পরিণত হয়।’

এই মামলায় ট্রাইব্যুনাল-১ এর তৎকালীন চেয়ারম্যান নিজামুল হক বিষয়টি খতিয়ে দেখতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন বলে এইচআরডব্লিকে জানান, যদিও মামলায় প্রসিকিউশনও একটি পক্ষ। অবশ্য এ ধরনের আদেশ দেয়ার বিষয়টি বাংলাদেশে প্রচলিত নয় এবং আইনে এ ধরনের কোনো সুযোগ নেই বলে তিনি স্বীকার করেন।

এছাড়া আসামিপক্ষের বিরুদ্ধে অবস্থান নেয়ার বিষয়টি এইচআরডব্লিউর সাথে এক সাক্ষাৎকারে দৃঢ়কণ্ঠে প্রত্যাখ্যান করেছিলেন তিনি। অবশ্য ইকনোমিস্ট কর্তৃক মেইল ও কথোপকথন উদ্ধারের পর প্রসিকিউশন, সরকারি কর্মকর্তা ও দেশের বাইরে উপদেষ্টার সাথে আইনবহির্ভূত যোগাযোগ রক্ষার অভিযোগে তিনি পদত্যাগ করেন।

অ্যাডামস বলেন, ‘মামলার একটি পক্ষ তথা প্রসিকিউশনকে বিরোধীপক্ষের সাক্ষী অপহরণের বিষয়ে নির্দেশ দেয়া এবং তাদের জবাব গ্রহণ করা জোরালো ব্যবস্থা নয়। আমরা মনে করি, সরকার এবং আইনপ্রয়োগকারী সংস্থাগুলো দ্রুততা ও আন্তরিকতার সাথে রাজনৈতিক পক্ষপাতিত্বের ঊর্ধ্বে উঠে বালীকে উদ্ধার করবে।’

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিবৃতি/এসআই_ ২১৫০ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

‘সাধারণ’ সভা-সমাবেশের ব্যাপারে আপত্তি নেই

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের ব্যাখ্যায় দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসল . . . বিস্তারিত

পদ্মা কেলেঙ্কারিতে পরিবারের কারো জড়িতের অভিযোগ প্রধানমন্ত্রীর নাকচ

তথ্য-উপাত্তে দেখা যায়, এসএনসি বিভাগ নিয়মিতভাবেই সাংকেতিক ভাষায় নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ অন্যান্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com