সর্বশেষ সংবাদঃ

বিমানে লাগাতার ধর্মঘটের ডাক শ্রমিক লীগের

০৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: বিভিন্ন দাবি-দাওয়া কর্তৃপক্ষ মেনে না নেয়ায় মঙ্গলবার থেকে বাংলাদেশ বিমানে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে সরকার সমর্থক বিমান শ্রমিক লীগ। এর ফলে কার্যত অচল হয়ে পড়তে পারে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টরা বলছেন, শ্রমিকরা ধর্মঘটে গেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম দারুণভাবে ব্যাহত হবে।

আর সেক্ষেত্রে দেশের প্রধান বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার বলাকার সামনে দিনভর অবস্থান কর্মসূচির পর বিকালে বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন।

অবস্থানকালে আগেই ঘোষণা করা হয়েছিল যে, বিকেলের মধ্যে দাবি না মানলে লাগাতার ধর্মঘটের কর্মসূচি দেয়া হবে।

সভাপতির বিরুদ্ধে বিমান কর্তৃপক্ষের আনা অভিযোগ প্রত্যাহার, আহার ভাতা ও ইউনিফর্ম, ভারত থেকে আনা বিমানের সেটআপ বাস্তবায়ন, কর্মচারীদের ব্যক্তিগত টিপি বাস্তবায়ন, একশ’ ভাগ চিকিৎসা ভাতা দেয়া এবং ৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করা কর্মচারীদের স্থায়ী করার দাবি করে আসছে তারা।

বিমানের পদস্থ কর্মকর্তারা সোমবার সকালে প্রশাসনিক ভবন বলাকায় ঢুকতে পারেননি। আন্দোলনরত শ্রমিক-কর্মচারীদের বাধার মুখে পড়েন তারা। এসব কর্মকর্তা প্রধান প্রবেশপথ থেকে ফিরে যেতে বাধ্য হন।

এর আগে শ্রমিক-কর্মচারীরা রোববার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহমেদকে প্রায় ১১ ঘণ্টা অবরোধ করে রাখে। রাত দুটায় মোসাদ্দেক আহমেদ আন্দোলনকারীদের কোনো দাবি না মেনে পুলিশ পাহারায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ত্যাগ করেন।

মশিকুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘দীর্ঘদিন ধরে ছয় দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছি। বিমানমন্ত্রী গত মার্চে আমাদের চারটি দাবি মেনে নেয়ার নির্দেশ দেন। কিন্তু কর্তৃপক্ষ কোনো দাবি পূরণ না করে উল্টো আমাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে।’

গত বছর মার্চে বিমান কর্মীদের একটি সংগঠন চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। মানববন্ধন, সমাবেশ, অবস্থান কর্মসূচির পর এক পর্যায়ে তারা সর্বাত্মক ধর্মঘটের ডাক দেয়। পরে বেসামরিক বিমান চলাচল মন্ত্রী দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়।

এদিকে শ্রমিক-কর্মচারীদের এই ধর্মঘট নিয়ে এখনো মোটেই চিন্তিত নয় বিমান কর্তৃপক্ষ। তারা মনে করছেন মঙ্গলবার কোনো ধর্মঘটই হবে না। সোমবার দুপুরে বিষয়টির সমাধান করতে বিমানের ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানায় বিমান কর্তৃপক্ষ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/কিউআই/এসআই_ ২২১২ ঘ.

অন্যান্য সংবাদ(জাতীয়)

‘সাধারণ’ সভা-সমাবেশের ব্যাপারে আপত্তি নেই

স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্যের ব্যাখ্যায় দুপুরে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসল . . . বিস্তারিত

পদ্মা কেলেঙ্কারিতে পরিবারের কারো জড়িতের অভিযোগ প্রধানমন্ত্রীর নাকচ

তথ্য-উপাত্তে দেখা যায়, এসএনসি বিভাগ নিয়মিতভাবেই সাংকেতিক ভাষায় নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ অন্যান্য . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com