সর্বশেষ সংবাদঃ

এ মাসেই বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত জানতে চায় সরকার: মুহিত

১৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত এ মাসের মধ্যেই জানতে চেয়েছে সরকার।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

মুহিত বলেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পদ্মা সেতুর দুর্নীতি তদন্তের বিষয়টি বিশ্ব ব্যাংকের সাথে দ্রুত সমাধান করতে বলা হয়েছে।

তিনি বলেন, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক অর্থায়ন করবে কি না তা বিভিন্নভাবে জানতে চাওয়া হয়েছে। বিশ্ব ব্যাংক অর্থায়ন না করলে সরকার অন্যভাবে পদ্মা সেতুর কাজ শুরু করবে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের প্রধান লুই মোরেনো ওকাম্পো পদ্মা সেতু প্রকল্পে দুদকের বর্তমান তদন্ত কার্যক্রম পরিচালনার সুযোগ বা পরিধি কতখানি আছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে চলমান তদন্ত সুষ্ঠ ও পূর্ণাঙ্গ হচ্ছে কিনা, তা জানার জন্যে আরও কিছু বিষয় জানা প্রয়োজন উল্লেখ করে সেসব বিষয়ের ব্যাখ্যা পেতে দুদকের জবাবের অপেক্ষা করছে বলে জানানো হয়।

বিবৃতির বিষয়ে জানতে চাইলে বুধবার দুদক চেয়ারম্যান গোলাম রহমান সাংবাদিকদের বলেন, ‘দুদককে বিশ্বব্যাংকের প্যানেল অব এক্সপার্ট কিছু প্রশ্ন করেছিল। ওরা চায় সুষ্ঠু তদন্ত হোক। আমরাও তা চাই।’

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ব্যাপারে তিনি বলেন, ‘তদন্তে যাদের নাম পাওয়া যাবে তারা আসামি হবেন। গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া কাউকে দোষী বা নির্দোষ বলা যাবে না।’

এরআগে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গত ১৭ ডিসেম্বর সাবেক সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

এ মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী আবুল হোসেন ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীকে আসামি না করে এর এজাহারে বলা হয়েছে, এ দুজনের সংশ্লিষ্টতা তদন্তে খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, লুইস গাব্রিয়েল মোরেনো ওকাম্পোর নেতৃত্বে তিন সদস্যের বিশেষজ্ঞ দল দুদকের পদ্মা সেতুর দুর্নীতি তদন্ত পর্যবেক্ষণ করতে দুই দফা ঢাকা সফরে আসে। এরই পরিপেক্ষিতে গত ১৭ ডিসেম্বর সাতজনকে আসামি করে মামলা করে দুদক।

দেশের সর্ববৃহৎ পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেয়ার কথা থাকলেও দুর্নীতির অভিযোগে তা বন্ধ করে দেয়া হয়। পরে সরকারের নানামুখী তৎপরতায় ঋণ বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসে তদন্ত কার্যক্রম পর্যবেক্ষণ করতে বিশেষজ্ঞ দল গঠন করে বিশ্ব ব্যাংক।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিশেষ প্রতিনিধি/এসআই_ ১২২৪ ঘ.

অন্যান্য সংবাদ(অর্থনীতি)

একদিনের হরতালে ক্ষতি ১৬শ’ কোটি টাকা: ডিসিসিআই

রাজনৈতিক দলগুলোকে রাজপথের পরিবর্তনে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। রাজপথকে কোনোভাবেই রাজনৈতিক শক্তি প্রদর . . . বিস্তারিত

ঢাকার ৪০ হাজার বাড়ির মালিককে ধরবে ‘এনবিআর’

বিশ্বের জনবহুল নগরীগুলোর অন্যতম এই ঢাকায় প্রায় দেড় কোটি মানুষের বাস। ঢাকা সিটি করপোরেশন (উত্তর ও দক্ষিণ) হোল্ডিং নম্বর অ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com