সর্বশেষ সংবাদঃ

জিএসপি সুবিধা অব্যাহত রাখার চেষ্টায় সরকার

১৬ জানুয়ারি,২০১৩

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে রপ্তানি খাতে জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স) সুবিধা অব্যাহত রাখতে কূটনৈতিক প্রচেষ্টা চলাচ্ছে সরকার।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের এরই অংশ হিসেবে বুধবার দুজন প্রভাবশালী কংগ্রেস সদস্য- বেটি ম্যাককালাম ও অ্যাডাম শিফের সাথে পৃথক দুটি বৈঠকে মিলিত হন।

পাশাপাশি মিশন উপ-প্রধান মুহাম্মদ আবদুল মুহিত একই বিষয়ে হোয়াইট হাউজের দক্ষিণ এশিয়া বিষয়ক ঊর্ধ্বতন পরিচালক নিকোলাস ডীনের সাথে সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূত কংগ্রেস সদস্যদ্বয়কে জানান, জিএসপি সুবিধা তুলে নেয়া হলে বাংলাদেশের ব্যবসায়িক সুনাম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশটির লাখ লাখ নারী শ্রমিক কর্মহীন হয়ে পড়ায় আর্থ-সামাজিক ক্ষেত্রে বিপর্যয় নেমে আসার সম্ভাবনা রয়েছে।

যদিও বাংলাদেশের প্রধানতম রপ্তানি দ্রব্য তৈরি পোশাক জিএসপি সুবিধার আওতাভুক্ত নয়, তা সত্ত্বে জিএসপি সুবিধা তুলে নেয়া হলে তা বাংলাদেশের সার্বিক রপ্তানি বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আকরামুল কাদের কংগ্রেস সদস্যদ্বয়কে সরকার কর্তৃক শ্রমিকদের কল্যাণে গৃহীত নানাবিধ পদক্ষেপ সর্ম্পকে অবহিত করেন।

এগুলোর মধ্যে রয়েছে, কারখানার নিরাপত্তা সংক্রান্ত বিধিবিধান বাস্তবায়নে বিশেষ টাস্কফোর্স গঠন, তৈরি পোশাক শিল্প ও ইপিজেডে শ্রমিকদের সম্মিলিত দর কষাকষির অধিকার প্রদান, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, দৈনন্দিন ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী শ্রমিকদেরকে বিশেষ ভর্তুকিকৃত মূল্যে সরবরাহ ইত্যাদি।

তিনি বাংলাদেশের কারখানাসমূহের মান বিচারের ক্ষেত্রে দেশটির আর্থ-সামাজিক বাস্তবতা, জনগণের মাথাপিছু আয়, শ্রমিকদের দক্ষতা, আমদানি ব্যয়, তৈরি পোশাকের খুচরা মূল্য ইত্যাদি বিষয় বিবেচনায় রাখা আবশ্যক বলে উল্লেখ করেন।

সম্প্রতি তাজরিন ফ্যাশন্‌সে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকার এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারকে যথাসাধ্য ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে।

উভয় কংগ্রেস সদস্য বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা অব্যাহত রাখার বিষয়টি মার্কিন কর্তৃপক্ষের যথাযথ পর্যায়ে উত্থাপনের আশ্বাস দেন।

অন্যদিকে মিশন উপ-প্রধান মুহিত মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা নিকোলাস ডীনের সাথে অনুষ্ঠিত বৈঠকে লেবার কমপ্লায়েন্স বিষয়ে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন।

এ সময় তিনি এএফএল-সিআইও কর্তৃক ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) এর নিকট দাখিলকৃত পিটিশনের জবাব প্রস্তুতিতে বাংলাদেশের সংশিস্নষ্ট সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করছে বলে জানান।

নিকোলাস ডীন এ সময়ে আলোচ্য বিষয়ে বাংলাদেশ সরকারের ইতিবাচক মনোভাবের বিষয়টি আমলে নেন এবং বাংলাদেশের শ্রমিকদের মান উন্নয়নে নির্দিষ্ট সময়সীমাসহ বাস্তব ও কল্যাণমুখী একটি প্রস্তাবনা প্রণয়নের পরামর্শ দেন।

বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা অব্যাহত রাখার ক্ষেত্রে তিনি সম্ভাব্য সকল সহায়তার আশ্বাস দেন।

গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংগঠন ‘আমেরিকান অর্গানাইজেশন অব লেবার-কংগ্রেস ফর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন’ (এএফএল-সিআইও) বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের আবেদন করে।

তাদের অভিযোগ, পোশাক ও চিংড়ি খাত এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রম অধিকার সংরক্ষিত হচ্ছে না এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা যথেষ্ট নয়। এএফএল-সিআইও যুক্তরাষ্ট্র সরকারের ইউএসটিআর বরাবর আবেদন করার পর বিষয়টি আমলে নেয় সংস্থাটি।

এরপর ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশকে অভিযোগের বিষয়ে মতামত দেওয়ার জন্য নোটিস দেয়া হয়েছে। আগামী মার্চে এ বিষয়ে শুনানি হবে।

কংগ্রেসে ওই আবেদনের পর তাজরীন কারখানায় অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হয়। এই অগ্নিকাণ্ড নিয়েও সমালোচনায় মুখর হয় যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠনগুলো।

একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। তবে যুক্তরাষ্ট্রে রপ্তানির প্রধান পণ্য তৈরি পোশাক জিএসপি সুবিধা পায় না। জিএসপি সুবিধা পাওয়া পণ্যগুলো শুল্কমুক্ত প্রবেশ সুবিধা পায়।

অবশ্য ২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাওয়ার পর এর আগেও দুবার এ সুবিধা বাতিলের আবেদন ওঠে। অবশ্য শুনানি শেষে রায়ে বাংলাদেশের জিএসপি সুবিধা বহাল রয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/তথ্য বিবরণী/এসআই_ ২১২২ ঘ.

অন্যান্য সংবাদ(অর্থনীতি)

আগস্টের মধ্যে আশুলিয়ার কারখানায় ওয়ার্কার্স ডাটা: বিজিএমইএ

আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের পোশাক কারখানা হবে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও পরিবেশ বান্ধব। এ অবস্থা আমরা ফিরিয়ে আনবই।’ . . . বিস্তারিত

বোর্ড সভায় অগ্রগতিতে ইসলামী ব্যাংকের সন্তোষ প্রকাশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) বোর্ড অব ডাইরেক্টরসের এক সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে এ যা . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com