সর্বশেষ সংবাদঃ

পুঁজিবাজারে গণ্ডগোলে দায়ী ফাটকাবাজারীরা: অর্থমন্ত্রী

০৬ জানুয়ারি,২০১৩

ঢাকা: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আবারো ‘ফাটকাবাজারী’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, বিনিয়োগকারীরা পুঁজিবাজারে আসছে। কিন্তু ওইসব ফাটকাবাজারীরা গোলমাল করছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ে পুঁজিবাজার উন্নয়ন সংক্রান্ত সভার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পুঁজিবাজার নিয়ে কোনো অস্বস্তি আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘এটা নিয়ে আমার কোনো অস্বস্তি নেই। অর্থনীতির সাথে পুঁজিবাজারের বিরাট কোনো সম্পর্ক নেই। পুঁজিবাজার পুঁজি সংগ্রহের জায়গা, এখানে সূচকের ওঠানামা ইম্মেটেরিয়াল।’

সরকারের চার বছরে পুঁজি সংগ্রহের জন্য পুঁজিবাজার অনেক বেশি শক্তি অর্জন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিনিয়োগকারীদের আস্থা না থাকলে তারা কিভাবে বাজারে আসবে? জবাবে একটু রেগে গিয়ে মুহিত বলেন, ‘বিনিয়োগকারীরা আসছে। কিন্তু গোলমাল করছে ওইসব ফাটকাবাজারীরা।’

এরআগে ২০১১ সালে পুঁজিবাজারে অস্থিরতার মধ্যে বিনিয়োগকারীদের ফাটকাবাজ বলে কঠোর সমালোচনার মুখে পড়েন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ নিয়ে সংসদেও তার দলের জ্যেষ্ঠ নেতারাই কড়া সমালোচনা করেন।

বিগত চার বছরে দায়িত্ব পালনকালে অর্থমন্ত্রী এ রকম নানা উক্তি করে একাধিকাবার সমালোচিত হয়েছেন। এরআগে তিনি একবার ‘রাবিশ’ উক্তির জন্যও ব্যাপক সমালোচিত হন।

এছাড়া হলমার্ক কেলেঙ্কারিতে আড়াই হাজার কোটি টাকা লুট হওয়ার পরও এটা ‘তেমন বড় কিছু নয়’ মন্তব্য করেও ব্যাপক সমালোচনার মুখে সংসদে দাঁড়িয়ে ভুল স্বীকার করেন অর্থমন্ত্রী।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার বিএনপির হরতালকে উন্মাদের সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।


তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম রোববার হতাল পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘উনার বয়স এখন ৮২-তে। সুতরাং এ বয়সের মানুষ অনেক কথাই বলতে পারেন। অতীতে দেখেছি আমাদের বাবা-চাচারাও ৮০’র কোটা পার না হতেই কথাবার্তায় গণ্ডগোল পাকিয়ে ফেলতেন।’

এদিকে, সচিবালয়ে রোববারের বৈঠকের বিষয় সম্পর্কে জিজ্ঞেস করলে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার উন্নয়নের জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ হিসেবে প্রতিশ্রুতি দেয়া ৩০ কোটি ডলারের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, প্রথম মেয়াদে যেগুলো করার ছিল, সেগুলো হয়েছে। অর্থ ছাড়ও হয়েছে।

এডিবি কী কী শর্ত দিয়েছে- জানতে চাইলে মুহিত বলেন, ব্যাংক কোম্পানি আইন সংশোধন, ডিমিউচুয়ালাইজেশন এসব বিষয়গুলো করতে হবে।

‘ব্যাংক কোম্পানি আইন পরবর্তী অধিবেশনে (সংসদের) উঠবে। ডিমিউচুয়ালাইজেশনের কাজ চলছেই,’- যোগ করেন মন্ত্রী।

আইন সংশোধন করে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা কত করা হচ্ছে- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, মূলধনের ৪০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগের বিধান রেখেই আইন সংশোধন হচ্ছে। এ সীমা আগামী তিন বছরের মধ্যে ২৫ শতাংশে নামিয়ে আনা হবে।

তিনি আরো বলেন, বতর্মানে ব্যাংকগুলো তাদের মোট দায়ের ১০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারে। তবে এখন যে বিনিয়োগসীমা রয়েছে তা প্রচুর বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিশেষ প্রতিনিধি/একেএ/এমআই_ ২২০১ ঘ.

অন্যান্য সংবাদ(অর্থনীতি)

আগস্টের মধ্যে আশুলিয়ার কারখানায় ওয়ার্কার্স ডাটা: বিজিএমইএ

আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের পোশাক কারখানা হবে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও পরিবেশ বান্ধব। এ অবস্থা আমরা ফিরিয়ে আনবই।’ . . . বিস্তারিত

মোজেনাকে একহাত নিলেন বস্ত্রমন্ত্রী

এমন সময় বস্ত্র ও পাটমন্ত্রীর এই চিঠি পাঠানোর ঘটনা ঘটলো যখন পোশাক কারখানায় শ্রমিক নিরাপত্তা ও কর্মের পরিবেশ ইস্যুতে যুক্ত . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com