সর্বশেষ সংবাদঃ

তেলের মূল্যবৃদ্ধি: আদালতে চ্যালেঞ্জ করতে যাচ্ছে ক্যাব

০৫ জানুয়ারি,২০১৩

ঢাকা: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, সরকারের এ মূল্যবৃদ্ধি সম্পূর্ণ নিয়মবহির্ভূত। তারা আইন লঙ্ঘন করে জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রয়োজনে আদালতে যাবেন।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিটিতে এক সংবাদ সম্মেলনে ক্যাব সভাপতি কাজী ফারুক এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা ধৈর্য ধরে এ পর্যন্ত এসেছি। কিন্তু বতর্মানে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই চলতি মাসেই জনস্বার্থে মামলা করার চিন্তা করছে ক্যাব।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ক্যাবের জ্বালানি উপেদেষ্টা অ্যাডভোকটে হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, আইন অনুযায়ী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির একক এখতিয়ার বিআরসির। কিন্তু নির্বাহী আদেশে জ্বালানি মন্ত্রণালয়ের তেলের দাম বাড়ানো আইন সম্মত হয়নি।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েসন অব বাস কোম্পানির সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কাজল গ্যাসের দাম বৃদ্ধি করা হয়নি। এজন্য তিনি বর্তমান পরিস্থিতে পরবিহন ভাড়া না বাড়াতে পরিবহন মালিকদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৭ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম ৫ টাকা বাড়িয়েছে সরকার। এর প্রতিবাদে ইতিমধ্যে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

এদিকে, বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে অর্থনীতিবিদরা বলছেন, এ সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরূপ প্রতিক্রিয়া পড়বে অর্থনীতিতেও। তবে সরকার থেকে বলা হচ্ছে, এ মূল্যবৃদ্ধির পরও জ্বালানি তেলের জন্য সরকারকে প্রচুর পরিমাণে ভর্তুকি দিতে হবে।

প্রতিবেদনে ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের উদ্বৃতি দিয়ে বলা হয়েছে, ২০০৩ সালের আইন অনুযায়ী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসির কাছে প্রস্তাব করতে হবে এবং এরপর বিইআরসি একটি গণশুনানির পর মূল্যবৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত জানাবে।

তবে ক্যাব বলছে, এ সরকারের আমলে কোনবারই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য এই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। প্রতিবারই মূল্যবৃদ্ধি হয়েছে মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে।

ক্যাবের জ্বালানিবিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলছিলেন, ‘এই মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে যে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে, এ অবস্থায় আমরা সরকারকে বলেছি এ আদেশ স্থগিত রেখে মূল্যবৃদ্ধির প্রস্তাব বিইআরসির কাছে পাঠাতে।’

এমন এক সময়ে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হল, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। আর বাংলাদেশেও জ্বালানি তেলের মধ্যে অকটেন এবং পেট্রোলে এখন আর ভর্তুকি দিতে হয় না।

তবে বাংলাদেশে জ্বালানি তেলের একমাত্র আমদানিকারক, সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসি বলছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশীয় বাজারে এখনো প্রচুর পরিমাণ ভর্তুকি দিয়ে জ্বালানি তেল সরবরাহ করতে হচ্ছে।

বিপিসির চেয়ারম্যান ইউনুসুর রহমান বিবিসি-কে বলেন, ‘গত সপ্তাহেও প্রতি লিটার ডিজেলে ঘাটতির পরিমাণ ছিল ১৬-১৮ টাকার মধ্যে। সরকারের এই মূল্য সমন্বয়ের পরও প্রচুর পরিমাণে ঘাটতি থেকে যাবে। সুতরাং গত কয়েকদিনের দামের কারণে সরকারের ভর্তুকি অনেক কমে গেছে এমনটা বলার সুযোগ নেই।’

তবে সরকরের এ দাবি বাস্তবসম্মত কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে ক্যাব। তারা বলছে, যাচাই-বাছাইয়ের সুযোগ না দিয়ে নেয়া মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে তারা আইনি পদক্ষেপ নেবেন।

বিপিসিও স্বীকার করছে, নিয়ম ভিন্ন থাকলেও এখনো পর্যন্ত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সরকার থেকেই আসছে। তবে এটি বিইআরসির কাছে যাবে কিনা সে বিষয়ে সরকারই সিদ্ধান্ত নেবে বলে জানান বিপিসির চেয়ারম্যান।

এদিকে, জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধির ফলে দেশে মূল্যস্ফীতি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার অর্থনীতিবিদ জায়েদ বখত। তিনি বলছেন, খাদ্য এবং খাদ্যবহির্ভূত উভয় খাতেই এর ফলে মূল্যস্ফীতি বাড়বে। তবে ভর্তুকিকেই মূল্যবৃদ্ধির একমাত্র কারণ হিসেবে দেখছেন না এই অর্থনীতিবিদ।

‘ভর্তুকির এলিমেন্ট সব সময়ই ছিল। আর যেহেতু আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কমেছে, সেকারণে ভর্তুকির পরিমাণও অতটা বেশি না। আমার মনে হয়, আইএমএফের শর্ত এর একটা কারণ। আর যেহেতু এটি নির্বাচনের বছর, সেহেতু সরকারেরও বিভিন্ন নির্বাচনী ব্যয় আছে এবং তার ফলে বাজেটের ওপর একটি চাপ আছে। সেদিক থেকেও বাজেট ঘাটতি কমানোর জন্য এটি করা হয়েছে।’- যোগ করেন জায়েদ বখত।

আবারো জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধির ফলে দারিদ্রসীমার কাছাকাছি থাকা মানুষেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন তিনি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমআরএম/বিবিসি বাংলা/এমআই_ ২১৫৩ ঘ.

অন্যান্য সংবাদ(অর্থনীতি)

আগস্টের মধ্যে আশুলিয়ার কারখানায় ওয়ার্কার্স ডাটা: বিজিএমইএ

আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের পোশাক কারখানা হবে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও পরিবেশ বান্ধব। এ অবস্থা আমরা ফিরিয়ে আনবই।’ . . . বিস্তারিত

ইসলামী ব্যাংকের ২৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন

ব্যাংকের চেয়ারম্যান বলেন, সর্বোত্তম গ্রাহক সেবা আমাদের অঙ্গীকার। ইসলামী শরী’আহ’ পরিপালন আমাদের দায়বদ্ধতা। গ্রাহকের আস্থ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com