সর্বশেষ সংবাদঃ

ব্যাংকগুলোর তড়িৎসেবা, শেষ হয়নি স্টল সংস্কার

০৩ জানুয়ারি,২০১৩

ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা জমে উঠতে শুরু করেছে। লোকজনের আগমনের সাথে শুরু হয়েছে বিভিন্ন পণ্যসেবা, ছাড়-সুবিধার নানা অফার।

এবার বিভিন্ন পণ্যের সাথে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো দিচ্ছে নানা ধরনের তাৎক্ষণিক সেবা। মেলায় গ্রাহকদের ভোগান্তি কমাতে মূলত এসব সেবা দিচ্ছে ব্যাংকগুলো।

বৃহস্পতিবার বাণিজ্য মেলা ঘুরে দেখা গেছে, এটিএম, ডিপোজিট, ই-শপিং, ভ্যাট জমা দেয়াসহ নানা সেবা দিচ্ছে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো। এর বাইরে মেলা থেকেই তাৎক্ষণিকভাবে খোলা যাচ্ছে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টসহ অন্যান্য অ্যাকাউন্ট।

রাষ্ট্রায়াত্ত সোনালী ব্যাংকের মেলায় বসানো বুথের ব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘মেলায় আগতদের ভ্যাট জমা দেয়া, এটিএম বুথ থেকে টাকা উঠানো, অ্যাকাউন্টধারীদের জন্য টাকা জমা দেয়া, পে-অর্ডারসহ বিভিন্ন তথ্যসেবা আমরা দিচ্ছি।’

ডাচ বাংলা ব্যাংকের মেলায় বসানো বুথের প্রতিনিধি রবিউল ইসলাম বলেন, ‘শুধুমাত্র আমরাই মেলায় করপোরেট ক্লাইন্টদের জন্য পস (pos) মেশিনের মাধ্যমে কেনাকাট করার সুযোগ দিচ্ছি।’

তিনি বলেন, ‘পেমেন্ট গেটওয়ে ব্যবহারকারীদের জন্য দিচ্ছি ই-শপিং করার সুবিধা। তাৎক্ষণিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলাসহ মেলা উপলক্ষ্যে রয়েছে বিশেষ সুবিধা।’

মেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটিএম সুবিধা ছাড়াও সম্প্রতি গ্রাহকদের জন্য চালু করা এম ক্যাশ ও আইবিবিএল ডিপোজিট মেশিনের সুবিধা দিচ্ছে।

এদিকে, তিন দিন আগে মেলার উদ্বোধন করা হলেও শেষ হয়নি স্টল থেকে শুরু করে প্রস্তুতির নানা কাজ। প্রথম দিনে আগুনে পুড়ে যাওয়া ছয়টি স্টলসহ বেশ কিছু স্টলের সংস্কারকাজ বৃহস্পতিবারও করতে দেখা গেছে।

রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রের পশ্চিম পার্শ্বে ১ জানুয়ারি থেকে শুরু হয় ১৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০১৩।

মেলার প্রথম দিনে আগুনে পুড়ে যাওয়া ছয়টি স্টলের (২৮০-২৮৫) নতুন করে নির্মাণকাজ চলছে। এছাড়া দেশি-বিদেশি আরো বেশ কয়েকটি স্টলেরও সংস্কারকাজ শেষ হয়নি।

মেলায় দর্শক ও ক্রেতার সংখ্যা তেমন বাড়েনি। আয়োজকরা আশা করছে, সামনের দিনগুলোতে এ অবস্থা কেড়ে যাবে।

এবার মেলায় বাড়তি নিরাপত্তার জন্য ১০০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। দর্শক-ক্রেতাদের আসা-যাওয়ার জন্য তিনটিসহ মোট ৪টি ফটক নির্মাণ করা হয়েছে। সেখানেও কড়া নিরাপত্তায় আগতদের প্রবেশ করানো হচ্ছে।

মেলায় এবার বঙ্গবন্ধু প্যাভেলিয়ন, ২টি মা ও শিশু কেয়ার সেন্টার, ৪টি ইকোপার্ক, ১টি ই-পার্ক, ৫৩টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৩৫টি প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, ৫টি সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন, ৫৮টি ফরেন প্রিমিয়ার স্টল, ২০টি ফরেন প্যাভিলিয়ন, ১০টি ফরেন মিনি প্যাভিলিয়ন, ১০টি সাধারণ সংরক্ষিত, ১০টি সাধারণ, ৬টি রেস্টুরেন্টসহ মোট ৩০৪টি স্টল রয়েছে।

মেলায় অংশ নিয়েছে ১২টি দেশের ৩১টি কোম্পানি। দেশগুলো হলো- দক্ষিণ কোরিয়া, হংকং, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভারত, তুরস্ক, পাকিস্তান, চীন, সংযুক্ত আরব আমিরাত, ইরান, জাপান ও থাইল্যান্ড।

এবারের মেলায় জনসাধারণের জন্য প্রবেশের টিকিটমূল্য জনপ্রতি ২০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ১৫ টাকা র্নিধারণ করা হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এনআই/এমআই_ ২০০৯ ঘ.

অন্যান্য সংবাদ(অর্থনীতি)

আগস্টের মধ্যে আশুলিয়ার কারখানায় ওয়ার্কার্স ডাটা: বিজিএমইএ

আতিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের পোশাক কারখানা হবে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও পরিবেশ বান্ধব। এ অবস্থা আমরা ফিরিয়ে আনবই।’ . . . বিস্তারিত

বোর্ড সভায় অগ্রগতিতে ইসলামী ব্যাংকের সন্তোষ প্রকাশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) বোর্ড অব ডাইরেক্টরসের এক সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে এ যা . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com