সর্বশেষ সংবাদঃ

আগের দিনই রাজধানীতে হরতালের উত্তাপ

০৫ জানুয়ারি,২০১৩

ঢাকা: জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রোববার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের আগের দিনই রাজধানী ঢাকায় হরতালের উত্তাপ ছড়িয়েছে। গাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি ঘটেছে ককটেল বিস্ফোরণের ঘটনা।

শনিবার বিকেল থেকে রাজধানীতে কমপক্ষে আটটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিকেল সোয়া ৩টার দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ওষুধ কোম্পানির একটি গাড়িতে আগুন দেয়া হয়। গ্লোব ফার্মাসিউটিক্যালসের ওষুধবাহী ওই পিকআপ ভ্যানটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে আজিমপুর গার্লস স্কুল ও কলেজের সামনে ২৭ নম্বর রুটের (আজিমপুর-গাজীপুর) একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। থেমে থাকা বাসটির পেছনের অংশে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়।

এরপর সন্ধ্যা ৬টার দিকে বাংলা মটরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। এর কাছাকাছি সময়ে আরামবাগে নটরডেম কলেজের সামনে একটি যাত্রীবাহী গাড়িতে আগুন দেয়া হয়।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে তেজগাঁও সাত রাস্তা মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রায় একই সময় মিরপুর এক নম্বরে মেট্রো সার্ভিস পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। অবশ্য অল্প সময়ের মধ্যে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়।

এছাড়া রাত সাড়ে ৭টায় রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের ট্রেড সেন্টারের সামনে একটি বাসে আগুন দেয়া হয়। এরপর পৌনে ৮টার দিকে নিউ মার্কেট এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ককটেল বিস্ফোরণ
সন্ধ্যা সোয়া ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ভিসির বাসভবনের সামনে একটিসহ ক্যাম্পাসে মোট পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। ফলে ক্যাম্পাসজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের মারধরের শিকার হন চার সাংবাদিক। তারা হলেন- প্রথম আলোর হাসান রাজা, বাংলা নিউজের হারুন-অর রশিদ রুবেল, রয়টার্সের এন্ড্রু বিরাজ ও নিউ এইজের সনি রামানি।

এদিকে, রোববারের হরতাল সমর্থনে মগবাজার ও পল্টনসহ রাজধানীর ২২টি বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। মিছিল থেকে জামায়া-শিবির নেতা-কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে, রাজধানীর একাধিক অনুষ্ঠান থেকে আগামীকালের হরতালে বাধা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। হরতালে বাধা এলে লাগাতার কর্মসূচি ঘোষণারও হুমকি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৭ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম ৫ টাকা বাড়িয়েছে সরকার। এর প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/এসআই/এমআই_ ২১৩১ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

স্থানীয় ও জাতীয় রাজনীতিতে ইসলামপন্থিরা অবশ্যই ফ্যাক্টর | ফরহাদ মজহার

বিএনপি, জামায়াত ও হেফাজতের মধ্যে দূরত্ব কমে আসছে এতে সুশীল সমাজ আতংকিত। কিন্তু কাছে আসাটা এখনও কৌশলগত মাত্র। অতি আতংকে . . . বিস্তারিত

সাম্প্রদায়িক শক্তির অপপ্রচার জয়ী হয়েছে: সুরঞ্জিত

ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী একত্রিত হয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোয় সিটি নির্বাচনের ফলাফলে এমনটি হয়েছে বলে দাবি করেছেন . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com