সর্বশেষ সংবাদঃ

তেলের দাম বাড়ানোয় রোববার হরতাল

০৪ জানুয়ারি,২০১৩

ঢাকা : জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মলনে এ হরতালের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

শুক্রবার মধ্যরাত থেকে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৭ টাকা এবং অকটেন ও পেট্রোলের দাম ৫ টাকা বাড়িয়েছে সরকার। এর প্রতিবাদে এই হরতাল দেওয়া হয়েছে বলে ১৮ দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তরিকুল বলেন, জ্বালানি তেলের দাম না বাড়াতে বিভিন্ন সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর বিরোধিতা সত্তেও সরকার জনস্বার্থ বিবেচনা না করে দফায় দফায় দাম বাড়াচ্ছে। অথচ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রয়েছে।

এমতাবস্থায় আমরা জনস্বার্থ বিবেচনা করে আগামী রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করছি। আশা করি জনগণ হরতালে সমর্থন দেবে।

নিজেদের তাগিদে পরিবহন শ্রমিক-মালিকরা ওই দিন রাস্তায় গাড়ি নামাবে না বলে আশা প্রকাশ করেন বিএনপির এই সমন্বয়ক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তরিকুল বলেন, আমরা হরতাল দিতে চাই না কিন্তু জনগণের স্বার্থেই হরতাল দিতে হচ্ছে।

প্রতিহিংসার রাজনীতি করতে চাই না তবে সরকার আমাদের বাধ্য করলে আমরা তা মোকাবিলা করতে প্রস্তুত, বলেন তরিকুল ইসলাম।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সরকারের প্রতিহিংসার রাজনীতির নিকৃষ্ট উদাহরণ হচ্ছে মির্জা ফখরুলকে ফের গ্রেপ্তারের ঘটনা। এর মাধ্যমে সরকার গণতন্ত্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

সংবাদ সম্মেলনে হরতালের কারণে রোববারের ১৮ দলীয় জোটের পূর্ব ঘোষিত সকল মহানগর ও জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার রাতে এক সরকারি তথ্য বিবরণীতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার।

নতুন দর অনুযায়ী ডিজেল ৬৮ টাকা, কেরোসিন ৬৮ টাকা, অকটেন ৯৯ টাকা এবং পেট্রোল ৯৬ টাকায় বিক্রি হবে।

সর্বশেষ ২০১১ সালের ২৯ ডিসেম্বর এই চার ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সরকার। এক বছর পর তা আবার বাড়ানো হল। এনিয়ে চার বছরে পঞ্চমবার জ্বালানি তেলের দাম বাড়ালো মহাজোট সরকার।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এএস/এএ/এমএম_১১৩২ ঘ.

অন্যান্য সংবাদ(রাজনীতি)

র‌্যাব আসায় ‘কৌশলী’ বিএনপি, বৈঠক মুলতবি

বৈঠক চলাকালীন এসব কর্মসূচি ব্রিফিং করে জানানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে হঠাৎ করেই কার্যালয়ে র‌্যাব উপস্থিত হলে সিদ্ধান্ত . . . বিস্তারিত

ইসলামী রাষ্ট্র নাকি গণরাষ্ট্র: তারিক রামাদান

ইসলামপন্থীদের কাছে ইসলামী রাষ্ট্রের ধারণা তখন পশ্চিমা তরিকা মোকাবেলার মাধ্যম হয়ে দাঁড়ায়। তারা ইসলামী রাষ্ট্র বলতে উপনিবে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com