রংপুর, ১৭ সেপ্টেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। চলবে ২২ অক্টোবর পর্যন্ত।
ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য দেশের যে কোনো স্থানে বসেই মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে। মুঠোফোনের খুদেবার্তার নিয়ম, ভর্তি পরীক্ষার আসনবণ্টন, ফলাফলসহ যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (www.brur.ac.bd অথবা www.admission.brur.ac.bd) পাওয়া যাবে।
এছাড়া ০১৫৫৭-২২৯২১৫ নম্বরে কল করেও যে কোনো তথ্য জানা যাবে। আগামী ৭ ও ৮ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলাফল প্রকাশ করা হবে ১৫ নভেম্বর।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ছয়টি ইউনিটের মাধ্যমে ছয়টি অনুষদভুক্ত মোট ২০টি বিভাগে ৬০জন করে মোট ১২০০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে।
‘এ’ ইউনিটের অধীনে কলা অনুষদভুক্ত বিভাগসমুহ হলো- বাংলা, ইংরেজী এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ। ‘বি’ ইউনিটের অধীনে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহ হলো- অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজ বিজ্ঞান, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
‘সি’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভাগসমূহ হলো- ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। ‘ডি’ ইউনিটের অধীনে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহ হলো- গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও পরিসংখ্যান।
‘ই’ ইউনিটের অধীনে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত বিভাগসমূহ হলো- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগ। ‘এফ’ ইউনিটের অধীনে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহ হলো- ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৭৪৮ ঘ.