ঢাকা, ১৬ সেপ্টেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- দপ্তর পুনর্বণ্টনের পর রোববার নিজ নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ।
তবে আগের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাভোকেট সাহারা খাতুন দেশে না থাকায় নতুন মন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর মন্ত্রণালয়ে আসেননি।
নিজ মন্ত্রণালয়ে নতুন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সরকারের জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছানো এবং অসৎ সাংবাদিকতাকে নিরুৎসাহিত করা তার চ্যালেঞ্জ বলে সাংবাদিকদের জানান।
এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে মহাজোটের শরিক জাসদ সভাপতি ইনু বলেন, ‘আপনাদের যে চ্যালেঞ্জ, আমারও একই। সেটি হচ্ছে- জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা।’
এরআগে নতুন মন্ত্রী হাসানুল হক ইনুকে স্বাগত জানাতে মন্ত্রণালয়ে আসেন আগের মন্ত্রী আবুল কালাম আজাদ। সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া এই মন্ত্রী এ সময় দাবি করেন, বর্তমান সরকারের এই মেয়াদে তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের উন্নয়নে যত কাজ করেছে, দেশ স্বাধীন হওয়ার পরে আর কখনো হয়নি।
তিনি বলেন, ‘এখন অনেক টিভি চ্যানেল ও রেডিও স্টেশন হয়েছে। তাদের সুযোগ-সুবিধার জন্য আলাদা নীতিমালা করা প্রয়োজন।’
আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অফিস করেছেন। প্রথম দিন অফিসে এসে প্রথমেই তিনি কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় সচিবালয়ের নিজ কক্ষে মন্ত্রী ভালোর চেয়ে আরো ভালো করায় প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, ‘আমি সব সময় বলি- ভালোর কোনো শেষ নেই। ভালোর পরে আরো ভালো করা যায়। সেই লক্ষ্য সামনে রেখেই আমরা কাজ করে যাব।’
দপ্তর পুনর্বণ্টনের পর রোববার সবাই অফিসে এলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী (বর্তমান ডাক ও টেলিযোগাযোগ) অ্যাডভোকেট সাহারা খাতুন দেশের বাইরে থাকায় ড. মহিউদ্দীন খান আলমগীর প্রথম দিন অফিসে আসেননি।
এ বিষয়ে বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ জানান, ‘সাহারা খাতুন সোমবার দেশে ফিরবেন। এরপর তিনি নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন।’
বৃহস্পতিবার শপথের দুদিনের মাথায় শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Rules of Business 1996-এর Rule 3(iv)- এ প্রদত্ত ক্ষমতাবলে পাঁচ নতুন মন্ত্রী, দুই প্রতিমন্ত্রীসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দপ্তর পুনর্বণ্টন করেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/বিশেষ প্রতিনিধি/একেএ/এমআই_ ২১০৩ ঘ.