রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার ঈদের শুভেচ্ছা
|
 |
 |
 |
|
Sat 18 Aug 2012 4:43 PM BdST
|
ঢাকা, ১৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহ ও বিশ্বের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। দেশের অন্য রাজনৈতিক নেতৃবৃন্দ একইভাবে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে দেশবাসীসহ বিশ্বের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
তিনি বলেন, ঈদ অর্থ আনন্দ, খুশি। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানবজাতির জন্য বয়ে আনে এক অনাবিল আনন্দ ও খুশির বার্তা। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সমপ্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয় এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়। শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদুল ফিতরের আবেদন তাই চিরন্তন। সিয়াম পালনের মাধ্যমে আত্মার পবিত্রতা, সংযম, সহনশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে হবে। পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা আমাদেরকে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্বুদ্ধ করুক- এ প্রত্যাশা করি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে ঈদ মোবারক জানিয়েছেন।
তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সমপ্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে আমি সকলের প্রতি আহ্বান জানাই। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসুক, এই কামনা করছি। পবিত্র এ দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।
বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মো. এরশাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আসম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব মোস্তফা ফয়সল মুজদ্দেদী, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক পৃথক বিবৃতিতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তারা দেশের দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও তাদের মুখে হাসি ফোটানোর জন্য সকল সচ্ছল মুসলমানের প্রতি আহ্বান জানান।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএম/মাম_১০৪২ ঘ.
|
|
|
|