সিরিজ বোমা হামলা:
‘অর্ডিনেন্স করে খালেদা-নিজামীকে বিচারের মুখোমুখি করুন’
|
 |
 |
 |
|
Fri 17 Aug 2012 7:19 PM BdST
|
ঢাকা, ১৭ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সিরিজ বোমা হামলার সাথে খালেদা-নিজামী জোট সরকার জড়িত ছিল দাবি করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, একটি নতুন অর্ডিনেন্স জারি করে ওই হামলার পৃষ্ঠপোষকদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।
একইসাথে এ ঘটনায় একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করে জনগণের সামনে জড়িতদের নাম প্রকাশ করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
১৭ আগস্ট জেএমবির দেশব্যাপী সিরিজ বোমা হামলার সপ্তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মানববন্ধনে দপ্তরবিহীন এ মন্ত্রী এসব কথা বলেন।
সুরঞ্জিত বলেন, বিগত চারদলীয় জোট সরকার জঙ্গিবাদ সৃষ্টি করে গণমাধ্যমের ওপর তার দায় চাপিয়েছিল। তারা বলেছিল- এটা ছিল গণমাধ্যমের সৃষ্টি।
তিনি বলেন, ‘জঙ্গিবাদের উত্থানের খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার ভেবেছিলাম তাদের মধ্যে একটি উপলব্ধি আসবে, তারা জাতির কাছে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু, তারা এটা না করে এখনো জঙ্গিবাদের মদদ দিয়ে যাচ্ছে।’
আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, জঙ্গি ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে তারা এখনো অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু খালেদা-নিজামী জোট সরকারের পৃষ্ঠপোষকতায় যারা বিভৎস ঘটনা ঘটিয়েছে, তারা রেহাই পাবে না।
তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। কিন্তু ইসলামকে পুঁজি করে সেইদিন একটি গোষ্ঠী সংবিধান ও গণতন্ত্রকে ধ্বংস করে দেয়ার পাঁয়তারা করেছিল। আর এই অপচেষ্টার ধারক-বাহক ছিলো খালেদা-নিজামী।
সুরঞ্জিত বলেন, বর্তমান মহাজোট সরকার জঙ্গিবাদকে সমূলে নির্মূল করেছে। কিন্তু, এখনো সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে অব্যাহতভাবে ষড়যন্ত্র চলছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিল।
রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/এসআই_ ১৩১৫ ঘ.
|
|
|
|