ক্রীড়া ডেস্ক, ১৭ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- টেস্টে শ্রেষ্ঠত্বের আসন টিকিয়ে রাখতে ভালো অবস্থানেই রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। বলতে গেলে লর্ড টেস্টের প্রথম দিনে বোলাররা, বিশেষ করে পেসাররা দাপট দেখিয়েছে।
২৬২ রান তুলতে সফরকারী দক্ষিণ আফ্রিকা হারিয়ে বসেছে ৭টি উইকেট। টস জিতে ব্যাটিং নেয়া অধিনায়ক গ্রায়েম স্মিথের দলের শুরুটা মোটেও ভালো হয়নি।
জেমস অ্যান্ডারসন আর স্টিফেন ফিনের পেসতোপে ৫৪ রানে তারা হারিয়ে বসে প্রথম সারির চার ব্যাটসম্যানকে। এরপর এবি ডি ভিলিয়ার্স এবং জ্যাকুস রুডলপ যা একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। পঞ্চম জুটিতে তারা ৫১ রান করে বিচ্ছিন্ন হন।
দলীয় ১০৫ রানে ২৭ রান করা ভিলিয়ার্সকে ফেরান অ্যান্ডারসন। এরপর রুডলফ জেপি ডুমিনিকে নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ ৫৮ রানের জুটি গড়ে বিদায় নেন। তিনি ৪২ রান করে গ্রায়েম সোয়ানের ঘূর্ণিবলে পরিষ্কার বোল্ড হন।
ডুমিনি সপ্তম জুটিতে ভারল্যান ফিল্যান্ডারকে নিয়ে এখন পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রানের জুটি গড়ে তোলেন। ডুমিনি দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান করে ওই অ্যান্ডারসনের শিকারেই পরিণত হন।
তবে শেষ দিকে ফিল্যান্ডার আর ডেইল স্টেইন ২৭ রানের প্রত্যয়ী জুটি গড়ে অপরাজিত আছেন। ফিল্যান্ডারের সংগ্রহ ৪৬ আর স্টেইনের সংগ্রহ ২১ রান। তারা শুক্রবার দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
ইংলিশ বোলারদের মধ্যে অ্যান্ডারসন আর ফিন ৩টি এবং সোয়ান একটি উইকেট পেয়েছেন। টেস্ট শুরুর আগে কেভিন পিটারসেন বিতর্কে নড়বড়ে ইংলিশ শিবির ২৬২ রানে প্রোটিয়াসদের ৭ উইকেট তুলে নেয়াকে কৃতিত্ব দিতেই হবে।
তিন টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে আছে। এই ম্যাচে জয়ী অথবা ড্র করতে পারলেই হলে টেস্টের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে আসবে দক্ষিণ আফ্রিকা। আর ইংল্যান্ড জিতে সিরিজে সমতা রাখতে পারলে তাদের বর্তমান শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ০২৪৩ ঘ.