সংবিধান মেনেই ক্ষমতা হস্তান্তর: প্রধানমন্ত্রী |
 |
 |
 |
|
Fri 17 Aug 2012 2:44 AM BdST
|
ঢাকা, ১৬ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি বলেন, সরকার সে জন্য সংসদে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগ এ আলোচনার আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনেছি। সংবিধান সংশোধনের মাধ্যমে জনগণকে প্রজাতন্ত্রের মালিক হিসেবে প্রতিষ্ঠিত করেছি।
এ সময় জনগণের ভাগ্য নিয়ে আর যাতে কেউ ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান শেখ হাসিনা
তিনি বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে যেভাবে অত্যাচার-নির্যাতন চালিয়েছিল, তা ৭১ কে স্মরণ করিয়ে দেয়। মানুষ আর এই অত্যাচার-নির্যাতনের পুনরাবৃত্তি চায় না।
রাজনৈতিক দলের অধীনে নির্বাচন কেন নিরপেক্ষ হবে না-এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ তো কোনো সামরিক শাসকের পকেট থেকে বেড়ে ওঠা দল নয়। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা দল এটি।
তিনি বলেন, বর্তমান সরকারের অধীনে পাঁচ হাজারেরও বেশি নির্বাচন হয়েছে। সেগুলোর কোনোটি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। সুতরাং আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।
এ সময় কান্না জড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, একদিনে মা-বাবামহ পরিবারের সবাইকে হারিয়েছি। তখন প্রতিজ্ঞা করেছিলাম, জনগণের অধিকার ফিরিয়ে দেব। স্বয়ং বাবার কাছ থেকে একটি জিনিস শিখেছি, তা হলো মানুষের ক্ষুধা দূর করা। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।
সভায় অন্যদের মধ্যে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, উপদেষ্টা পরিষদ সদস্য দুর্গাদাশ ভট্টাচার্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, কার্যনির্বাহী সংসদের সদস্য মো. নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জাতীয় সংসদ সদস্য একেএম রহমাতুল্লাহ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ বক্তব্য রাখেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/বিশেষ প্রতিনিধি/একেএ/আরআই_ ২০৩৬ ঘ.
|
|
|
|