ক্রীড়া ডেস্ক, ১৬ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- প্রীতি ম্যাচে বুধবার জয় পেয়েছে প্রায় সব বড় দল। এদের মধ্যে আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল, ব্রাজিল, স্কটল্যান্ড ও বেলজিয়াম জয় পেলেও হেরেছে জার্মানি, হল্যান্ড, ইতালির মত বড় দলও।
আর্জেন্টিনা ৩-১ জার্মানি
ফ্রাঙ্কফুটে জার্মানিকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। খেলার প্রথমার্ধের শুরুতেই জার্মানি গোলরক্ষক রন ববার্ট জেইলার জোসে সুসাকে ফাউল করে মাঠ ছাড়েন। তবে বদলি মার্ক টার স্টেগ্যান এসে মেসির পেনাল্টি ঠেকিয়ে চমক দেন। এরপর দীর্ঘ সময় গোলবিহীন থাকে দুদল।
তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সামি খেদিরার আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার আক্রমণ আরও জোরাল হয়। ৫২ মিনিটে মেসির গোলে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা।
আর ৭৬ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়া গোল করে ব্যবধান করেন ৩-০। ৮১ মিনিটে বেনেডিক হজেস দলের হয়ে সান্ত্বনাসূচক গোল করলে ৩-১ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে জার্মানি।
পর্তুগাল ২ -০ পানামা
১০ জনের দল নিয়ে পানামাকে ২-০ গোলে জয় হারিয়েছে পর্তুগাল। খেলার ৩০ মিনিটে নেলসন অলিভিয়ার গোলে এগিয়ে যায় পর্তুগাল। তবে খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে হোয়াও মাটিনহোকে ফাউল করে গ্যার্বিয়েল গোমেজ বিদায় নেন।
তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর আগুন ঝরা পারফরমেন্সে শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়ে ফেরে তারা।
স্পেন ২-১ পুয়ের্তোরিকো
খেলা চলছিল নিরুত্তাপ। তবে প্রথমার্ধের শেষ চার মিনিটে ২ গোল করে জয় লিখে ফেলে স্পেন। আর্সেনালের সাথে সদ্য চুক্তি করা স্যান্টি কাজোরলা প্রথম গোলটি করেন। দ্বিতীয় গোল আসে সেস ফেব্রিগাসের পা থেকে।
দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় পুয়োর্তোরিকোর মার্ক সিনট্রোন এক গোল শোধ করলেও ২-১-এ জয় নিয়েই মাঠ ছাড়ে গানাররা।
বেলজিয়াম ৪-২ হল্যান্ড
ইউরো থেকেই হারের ধারা অব্যাহত রেখেছে হল্যান্ড। বুধবারের প্রীতি ম্যাচেও তারা প্রতিবেশী বেলজিয়ামের কাছে হেরেছে ৪-২ গোলের বড় ব্যবধানে।
লুসিয়ানো নারসিং ও জান হান্টিলারের গোলে প্রথমার্ধে দুর্দান্তভাবে এগিয়ে যায় হল্যান্ড। কিন্তু খেলা যত এগোচ্ছিল ততোই ম্লান হচ্ছিল তারা। শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ান বেকেট, ড্রাইস মার্টিন, রোমেলু লুকাকু ও জ্যান ভারটোনহেনের গোলে ৪-২ এ জিতে মাঠ ছাড়ে বেলজিয়াম।
ব্রাজিল ৩-০ সুইডেন
একপেশে খেলায় সুইডেনকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। খেলার ৩২ মিনিটে গোলের মুখ খোলেন লিওনার্দো দামিও। আর খেলার শেষ ছয় মিনিটে পাতো দুই গোল করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
ইংল্যান্ড ২-১ ইতালি
ইতালিকে ২-১ গোলে হারিয়ে গত ইউরোর কোয়ার্টার ফাইনালে হারার প্রতিশোধ নিল ইংল্যান্ড। অবশ্য ড্যানিয়েল ডি রোসির গোলে খেলার ১৫ মিনিটে এগিয়ে গিয়েছিল ইতালি। তবে ২৮ মিনিটে এসে ফিল জাগিয়েলকা ইংল্যান্ডকে সমতায় ফেরান।
খেলার ১০ মিনিট বাকি থাকতে জার্মেইন ডিফো জয় এনে দেন ইংল্যান্ডকে।
এছাড়া ক্রোয়েশিয়া ৪-২ গোলে সুইজারল্যান্ডকে, স্কটল্যান্ড ৩-১ গোলে অস্ট্রেলিয়াকে, স্তোনিয়া ১-০ গোলে পোল্যান্ডকে, গ্রিস ৩-২ গোলে ওয়েলস ২-০ গোলে নরওয়েকে হারিয়েছে।
এছাড়া ৩-৩ গোলে ড্র করেছে ফিনল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড এবং ১-১ গোলে ড্র করেছে রাশিয়া ও আইভরি কোস্ট। আর গোল শূন্য ড্র হয়েছে ফ্রান্স ও উরুগুয়ে এবং সার্বিয়া ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচ।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমএম/এমআই_ ১৩১৭ ঘ.