জিপিএর ভিত্তিতে মেডিকেল ভর্তি আগামী বছর থেকে করার দাবি
|
 |
 |
 |
|
Tue 14 Aug 2012 9:00 PM BdST
|
ঢাকা, ১৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ভর্তি পরীক্ষার পরিবর্তে জিপিএর ভিত্তিতে মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সিদ্ধান্ত আগামী বছর থেকে কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ আহ্বান জানান।
এ সময় তারা বলেন, সরকারের নতুন সিদ্ধান্তকে তারা স্বাগত জানান। তবে এই সিদ্ধান্ত এ বছর কার্যকর করলে অসংখ্য শিক্ষার্থী বিপাকে পড়বে।
পরে সচিবালয়ে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে মিছিল করে শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে এলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান নিলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এরপর স্বাস্থ্য মন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে শিক্ষার্থীদের পাঁচ জনের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান।
হাইকোর্টে দায়ের করা রিটের নিষ্পত্তির পরেই তাদের কর্মসূচি ঠিক করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, রোববার এক সভার পর স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানান, মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তির জন্য চলতি বছর থেকে আর ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএর ভিত্তিতেই এমবিবিএস ও বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আবেদনের জন্য দুই পরীক্ষা মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকার শর্তের কথা জানান তিনি।
জিপিএর ভিত্তিতে ভর্তি করা হলে অনেক অনিয়ম হওয়ার আশঙ্কা করছে শিক্ষার্থীরা। তাদের দাবি, মেডিকেলে আসন সংখ্যার তুলনায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি। এ পদ্ধতিতে কাকে নেওয়া হবে আর কাকে নেওয়া হবে না এ নিয়ে বড় ধরনের অনিয়ম হবে।
বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে।
এছাড়া ৯টি পাবলিক ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/আরআই_ ১৪৫৩ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|