লোকমান বিন নূর হাশেম, সৌদি সংবাদদাতা
রিয়াদ, ১০ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুক্রবার পবিত্র ওমরাহ পালন করবেন। এছাড়া সেখানে তিনি জুমা, আসর, মাগরিব, এশা ও তারাবির নামাজ আদায় করবেন।
তারাবির নামাজ শেষে রাতেই মদিনার রয়েল কনফারেন্স প্যালেসে ফিরে যাবেন খালেদা জিয়া। এরপর তিনি পবিত্র মসজিদে নববীতে এতেকাফে বসবেন।
বাংলাদেশ থেকে এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সৌদি আরবের রয়েল কনফারেন্স প্যালেসে অবস্থান করছেন। তার সাথে আছেন ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী, তার সন্তানেরা এবং ভাই শামিম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও তার সন্তানেরা।
বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও সন্তানেরা বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দুবাই হয়ে সৌদি আরবে পৌঁছান। তারা সকলেই সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসেবে এই সফর করছেন।
বেগম খালেদা জিয়া বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে জেদ্দা বিমানবন্দরে পৌঁছান।
নয় দিনের ব্যক্তিগত সফর শেষে আগামী ২৯ রমজান তার দেশে ফেরার কথা রয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/সংবাদদাতা/এমআই_ ০০১৪ ঘ.