পাবনা, ৮ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা ও লাঞ্ছিত করার অভিযোগে দায়ের মামলায় গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী আদালত থেকে জামিন পেয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে জেল-হাজত থেকে পাবনা দ্রুত বিচার আদালতে হাজির হওয়ার পর ৫ শিক্ষার্থীর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু জামিনের আবেদন করেন। বিচারক আবু সালেহ মো. সালাউদ্দিন খান শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হচ্ছেন- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. বাকি বিল্লাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান সজিব, ইলেক্টিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র আল আমিন, গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাজ্জাদ হোসেন ও একই বিভাগের একই বর্ষের ছাত্র খালেদ হোসেন।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ গত ১৭ জুলাই থেকে শর্ট সেমিস্টার চালু, ক্যাম্পাস অবকাঠামো দ্রুত নির্মাণ, অভিজ্ঞ শিক্ষক নিয়োগসহ নয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল, মহাসড়ক অবরোধ, প্রতীকী অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
দাবি বাস্তবায়ন না হওয়ায় গত ২৯ জুলাই থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসির অপসারণের এক দফা দাবিতে আন্দোলন শুরু করে। এরই জের ধরে গত ১ আগস্ট প্রশাসনিক ভবন এলাকায় বিক্ষোভ করার সময় শিক্ষার্থীরা শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা চালিয়ে লাঞ্ছিত করে।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান বাদী হয়ে ওইদিনই সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। পরে ওই মামলায় ৫ শিক্ষার্থীকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায় পুলিশ।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৬০৮ ঘ.