ঢাকা, ৬ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন, গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর রশিদসহ পাঁচজন সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
জামিনপ্রাপ্ত বাকি কর্মকর্তারা হলেন- ডেসটিনির মো. হোসেন, মো. গোফরানুল হক ও মো. সাইদ উর রহামান।
সোমবার সকালে মহানগর হাকিম এরফানুল হকের আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন তা মঞ্জুর করে আদালত।
আদালতে তাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হক হীরু ও এহসানুল হক। শুনানি শেষে আদালত তাদের প্রত্যেককে ২০ হাজার টানা মুচলেকায় পুলিশ প্রতিবেদন না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন।
গত ৩১ জুলাই সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে রাজধানীর কলাবাগান থানায় রফিকুল আমীন, হারুন-অর রশিদসহ ডেসটিনির ২২ জনের বিরুদ্ধে দুটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বাদী দুদকের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের মধ্যে ১০ জন পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
সেদিন মো. তৌফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, ডেসটিনির বিরুদ্ধে ট্রি-প্লান্টেশন প্রজেক্ট থেকে ২ হাজার ৩৭৫ কোটি টাকা এবং এমএলএম অ্যাকাউন্ট থেকে ১ হাজার ৯৩৫ কোটি টাকা সরানোর আলামত পেয়েছেন তারা।
তিনি বলেন, উভয় ক্ষেত্রেই অভিযুক্ত কর্মকর্তারা প্রথমে বিভিন্ন অলাভজনক, নিষ্ক্রিয় প্রতিষ্ঠানে এবং এরপর নিজেদের ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তর করেছেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএসআই/এমআই_ ১৩২৩ ঘ.