গ্রামীণ ব্যাংক নিয়ে আবারো মার্কিন উদ্বেগ
|
 |
 |
 |
|
Mon 6 Aug 2012 5:29 AM BdST
|
নিউজ ডেস্ক, ৫ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের ওপর সরকারি নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র প্যাট্রিক ভেন্ট্রিল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারের নিয়োগকৃত চেয়ারম্যানের হাতে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত গ্রামীণ ব্যাংককে হুমকিতে ফেলবে।
গ্রামীণ ব্যাংকের নতুন এমডি নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এ ক্ষেত্রে একজন যোগ্য, প্রশ্নাতীতভাবে সৎ এবং গ্রামীণ ব্যাংক সুরক্ষায় বিশেষ করে এর অনবদ্য সুশাসন কাঠামো এবং বাংলাদেশের নারী-অধ্যুষিত ৮৩ লাখ মানুষের ভাগ্যোন্নয়নে যিনি অঙ্গীকারবদ্ধ-এমন ব্যক্তিকে যাতে এমডি নির্বাচিত করা হয়।
পাশাপাশি ক্ষুদ্রঋণের অগ্রণী প্রতিষ্ঠানটির স্বচ্ছতা, কার্যকারিতা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের দায়িত্ব বাংলাদেশ সরকারের-নিয়োজিত চেয়ারম্যানের হাতে দেয়া হয়েছে এটা নিয়ে মার্কিন সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারের এই পদক্ষেপ - গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত দিকনির্দেশনা দেয়ার ক্ষেত্রে প্রধানত নারী শেয়ারহোল্ডারদের যে ভূমিকা রয়েছে - তাকে ক্ষুণ্ন করেবে।
পাশাপাশি এই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বাংলাদেশ সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে অনুরোধ করেছিলেন তারা যেন এমন কোন পদক্ষেপ না নেন, যাতে গ্রামীণ ব্যাংকের মর্যাদাহানি ঘটে।
এখন সরকারের এই যে পদক্ষেপ- তা ‘গ্রামীণ ব্যাংকের ভবিষ্যতের জন্য একটা হুমকি’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
গত বৃহস্পতিবার ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ-২০১২’ চূড়ান্তভাবে অনুমোদন করে মন্ত্রিসভা। এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগে পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব করে সরকার কর্তৃক নিযুক্ত চেয়ারম্যানের ক্ষমতা বাড়ানো হয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএইচএম/এমএম_১১২৬ ঘ.
|
|
|
|