রংপুরে রোববার জাপার সাবেক এমপি রাঙ্গার বিচার শুরু
|
 |
 |
 |
|
Sun 5 Aug 2012 4:39 AM BdST
|
রংপুর, ৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- রংপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে জ্ঞাত আয়বর্হিভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলার বিচার আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে।
রংপুরের দুর্নীতি দমন বিশেষ আদালতের বিচারক বিশেষ জজ রবিউল হাসানের আদালতে এই মামলায় সাক্ষ্য গ্রহণ করা হবে।
দুদক আদালতের বিশেষ পিপি শামীমা আখতার শিরিন সাংবাদিকদের জানান, ২০০৯ সালে মামলাটি দায়ের করা হলেও মামলার আসামি রাঙ্গার বিরুদ্ধে চার্জ আদালত কর্তৃক গঠন করার পর আসামি এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে একটি ক্রিমিনাল মিস আপিল দায়ের করেন।
হাইকোট শুনানি শেষে তার আবেদন সরাসরি খারিজ করে দেবার পর মামলাটির বিচার শুরু হতে যাচ্ছে। রোববার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
পিপি আরও জানান, তিনি রংপুর শহরের গুপ্তপাড়া মহল্লায় একটি দৃষ্টিনন্দন দোতলা বাড়ি নির্মাণ করেছেন। সেখানে তিনি ব্যয় দেখিয়েছেন ১২ লাখ ৯২ হাজার ১৯০ টাকা। ওইভাবেই তিনি আয়কর বিভাগে রিটার্ন দাখিল করেছেন। কিন্তু প্রকৃতপক্ষে ওই বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ৩০ লাখ ৪৮ হাজার ৭৫৭ টাকা, যার কোনো রিটার্ন তিনি দাখিল করেননি।
এর মাধ্যমে রাঙ্গা ১৮ লাখ ৬ হাজার ৫৭৭ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন করেছেন। এ ছাড়াও জ্ঞাত আয়বর্হিভূতভাবে সম্পদ অর্জন করেছেন, যার পরিমাণ ৫৭ লাখ ১৩ হাজার ১৭৪ টাকা। এর মাধ্যমে তিনি দুদক আইনের ২০০৪ সালের ২৭(১) ধারার অপরাধ করেছেন।
এ ঘটনায় দুদক রংপুর কার্যালয়ের উপ-পরিচালক কামরুল আহসান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ২০০৯ সালের ২১ জানুয়ারি।
মশিউর রহমান রাঙ্গা জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমি অংশ গ্রহণ করব। সেই নির্বাচনে আমাকে হেয় করার জন্য প্রতিপক্ষ এসব করাচ্ছে।
তিনি জানান, মামলাটি আইন প্রতিমন্ত্রীর নেতৃত্বে গঠিত রিভিউ কমিটি প্রত্যাহার করে নেবার সুপারিশ করেছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ২২৩৬ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|