১০ দিন আগেই রেলের টিকিট সংগ্রহ করা যাবে
|
 |
 |
 |
|
Sat 4 Aug 2012 9:49 PM BdST
|
ঢাকা, ৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বাংলাদেশ রেলওয়ে ভ্রমণের অগ্রিম টিকিট কেনার দিন বাড়িয়েছে। শনিবার থেকে যে কোনো যাত্রী নির্ধারিত যাত্রার দিনের ১০ দিন আগে স্টেশন কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন।
পাশাপাশি ইন্টারনেট ও মোবাইল ফোনের মাধ্যমেও আগাম টিকিট কেনা যাবে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি থেকে তিন দিন আগে রেলের অগ্রিম টিকিট দেওয়া হতো। রেলমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে বর্তমানে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
এছাড়া আগামীকাল ৫ আগস্ট রোববার থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
গত রোববার রেল ভবনে ঈদ উপলেক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ক এক সভায় রেলমন্ত্রী জানান, এবারের ঈদে সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।
ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, চট্টগ্রাম-নোয়াখালী-চট্টগ্রাম, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা-ঢাকা রুটে বিশেষ ট্রেনগুলো ঈদের তিন দিন আগ থেকে ঈদের পরের দ্বিতীয় দিন থেকে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত চলাচল করবে।
ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ার উদ্দেশে ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ-এর রুটে দুই জোড়া ট্রেন চলবে।
এছাড়া ঈদ উপলেক্ষে আগামী ১৪ আগস্ট থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলো বন্ধের দিনেও চলাচল করবে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএম/এসআই_ ১৫৪৬ ঘ.
|
|
|
|