অনশন ভেঙে দল গঠনের ঘোষণা দিলেন আন্না
|
 |
 |
 |
|
Sat 4 Aug 2012 9:01 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ৪ আগস্ট (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ভারতের দুর্নীতিবিরোধী নেতা আন্না হাজারে রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। শুক্রবার অনশন ভেঙে তিনি এ ঘোষণা দেন।
যন্তরমন্তরে হাজির অনুগামীদের সামনে তিনি ও তার সহযোগীরা বিকেল ৫টায় অনশন ভাঙেন। গত রোববার থেকে সহযোগীদের নিয়ে তিনি অনশন শুরু করেছিলেন।
‘রাজনৈতিক বিকল্প’ তৈরির জন্য তিনি প্রস্তুত হচ্ছেন বলে জানান। দল গঠনের আগে জনমত গঠনের প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। এজন্য সামাজিক যোগাযোগ ওয়েবসাইট ‘টুইটারে’ খোলা হয়েছে একটি পেজ।
যে পেজে জানতে চাওয়া হয়েছে, ‘আন্নাজির কি রাজনীতিতে যোগ দেওয়া উচিত?’ হ্যাঁ কিংবা না- এ ভোট দিতে হবে ভারতবাসীকে। এছাড়া ‘ইন্ডিয়া এগেনস্ট করাপশন’ নামে যে আন্দোলন আন্না শুরু করেছিলেন, সেই ফোরামও তাদের নিজস্ব ওয়েবসাইটে রেখেছে ভোট গ্রহণের ব্যবস্থা।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারতের ‘রায়’ জানতে চেয়েছেন গান্ধীবাদী আদর্শের নেতা আন্না হাজারে। দেশের মানুষের তিনি আরও জানতে চান, ‘দেশের বর্তমান রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কোনোও কিছু আশা করেন কি?’
যদিও আন্না হাজারে নিজে প্রকাশ্যে বলেছেন, ‘তিনি কোনোও রাজনৈতিক দল তৈরি করতে চান না। দেশের মানুষ যদি চান, তা হলেই তিনি রাজনৈতিক বিকল্পের কথা ভাববেন।’
২০১৪ সালে সাধারণ নির্বাচন। তার আগে দেশ ঘুরে জনমত গঠন করতে হবে। তাই অনশন করে আর ‘সময় নষ্ট’ করতে চান না আন্না হাজারে। আর এজন্যই তিনি এই প্রক্রিয়া শুরু করলেন।
আন্না হাজারের এই ঘোষণার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ক্ষমতাসীন কংগ্রেস। দলটি বলেছে, এতদিনে তাহলে আন্নার ‘আসল’ উদ্দেশ্য বোঝা গেল। অবশ্য এরআগেও কংগ্রেস আন্নার আন্দোলনের সাথে আরএসএস- যোগ নিয়ে কটাক্ষ করেছে।
কংগ্রেস সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিংহ বলেছেন, ‘আমি আগে তো বারবার এই কথাটাই বলেছি। টিম আন্নার আসল রাজনৈতিক উদ্দেশ্যটা এবার সবার সামনে চলে এল। সবাই বুঝতে পারল এই ‘আন্দোলনের’ পিছনে আসলে কি উদ্দেশ্য কাজ করেছে।’
এসব সমালোচনার জবাবে আন্না হাজারে বলেন, ‘রাজনৈতিক দল তৈরি করা তো খারাপ কিছু নয়। আমাদের যে করেই হোক একটা বিকল্পের পথ খুঁজতেই হবে। তবে দল তৈরির প্রশ্নটা পুরোপুরি নির্ভর করেছে জনমতের উপর।’
একইসাথে তিনি একটি বিকল্পও দাঁড় করিয়েছেন। তিনি বলেন, ‘ক্ষমতার বিকেন্দ্রীকরণ জরুরি। গ্রাম পঞ্চায়েতকে আরও ক্ষমতাশালী করতে হবে।’
আন্না হাজারে আরও বলেন, ‘কথায় কাজ হবে না। কাজটাই করে দেখাতে হবে। আমি চাই সৎ ও যোগ্য নেতৃত্ব। আগামী তিন বছরে ভারতে অনেক পরিবর্তন আসবে।’
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ০২৫৯ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|