বুয়েট শিক্ষকদের গণপদত্যাগ স্থগিতের সিদ্ধান্ত বহাল
|
 |
 |
 |
|
Tue 31 Jul 2012 12:26 AM BdST
|
ঢাকা, ৩০ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিতের বিষয়টি বহাল রেখেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষকরা।
সোমবার বিকেলে জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান এ তথ্য জানান।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সরকারের ওপর আস্থা রেখে আমরা আগামী এক সপ্তাহের জন্য গণপদত্যাগের সিদ্ধান্ত স্থগিত করেছি। গণপদত্যাগ স্থগিতের আগের সিদ্ধান্ত সভায় বহাল রাখা হয়েছে।’
এদিকে, সোমবার সংশ্লিষ্টদের নিয়ে প্রায় এক ঘণ্টা বৈঠকের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তারা সঙ্কট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, বুয়েটের ভিসি, প্রো-ভিসির পদত্যাগ এবং রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগসহ বিভিন্ন অনিয়ম তদন্তের দাবিতে গত ৭ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে শিক্ষকরা। পরে এই আন্দোলনের সাথে যোগ দেয় শিক্ষার্থীরাও।
এ সময় টানা ২৮ দিন কর্মবিরতির পর প্রধানমন্ত্রীর আশ্বাসে গত ৪ মে আন্দোলন স্থগিত করেন শিক্ষকরা। কিন্তু, দাবি পূরণ না হওয়ায় গত ৯ জুন সমিতির সভায় ৩০ জুনের মধ্যে ভিসি এবং প্রো-ভিসির অপসারণের জন্য সময় বেঁধে দেয়া হয়।
দাবি পূরণ না হওয়ায় গত ৮ জুলাই আবারো আন্দোলনে নামে শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর অবস্থা বেগতিক দেখে রোজা ও ঈদের ছুটি এক মাস এগিয়ে এনে ভিসি অধ্যাপক ড. এসএম নজরুল ইসলাম ১০ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেন।
এতে লাগাতার কর্মসূচি শুরু করেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। একই দাবিতে গত ১১ জুলাই একযোগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পদে থাকা ২৪ শিক্ষক। এরপর শিক্ষক সমিতি ঘোষণা দেয়, দাবি পূরণ না হলে ২২ জুলাই তারা গণপদত্যাগ করবেন।
তবে ওইদিন এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষকরা গণপদত্যাগের বিষয়টি ৩০ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন। এরপর থেকেই প্রতিদিন বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুই ঘণ্টা করে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে আসছেন তারা।
এর আগে শিক্ষকদের এসব কর্মসূচির মধ্যেই সঙ্কট সমাধানে বুয়েটের সাবেক ভিসি ও জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে বৈঠক করে শিক্ষামন্ত্রী জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এর সমাধান খোঁজা হবে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/এসআই_ ১৮২৪ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|