সরকারের জনসমর্থন নেই: এরশাদ
|
 |
 |
 |
|
Mon 30 Jul 2012 4:14 AM BdST
|
ঢাকা, ২৯ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সরকার দেশের সমস্যা সমাধান না করে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর বলে মন্তব্য করেছেন মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেন, দেশের চরম নৈতিক অবক্ষয় ঘটেছে। খাদ্যে ভেজালের কারণে মানুষ মারা যাচ্ছে। এমন ঘটনা আগে কখনো ঘটেনি। এসব বিষয়ে সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর।
রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় পার্টি আয়োজিত ইফতার-পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের জনসমর্থন নেই উল্লেখ করে এরশাদ বলেন, সরকারের একমাত্র নজর যুদ্ধাপরাধীদের বিচার ও পদ্মা সেতুর দিকে। যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে কিনা সন্দেহ আছে। আর পদ্মা সেতু নিয়েও সবার মনে সন্দেহ রয়েছে।
তিনি বলেন, এত দিন খাবারে ভেজাল ছিল। এখন নোটেও ভেজাল। বাংলাদেশ ব্যাংকের পিন লাগানো টাকায়ও ভেজাল। তাহলে আমরা যাব কোথায়?
এরশাদ বলেন, মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আমরা ঘরে ঘরে যেতে পারলে ক্ষমতায় যেতে পারব।
তিনি বলেন, আমাদেরকে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপ-নির্বাচন, রংপুর সিটি করপোরেশনের নির্বাচন আর আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনারা সংগঠিত হন। আমরা ক্ষমতায় আসব। দেশকে রক্ষা করব।
অনুষ্ঠানে জাপা প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহম্মদ বলেন, রাজনীতির তুরুপের তাস এখন এরশাদের হাতে। যথাসময়ে তা দেখানো হবে। আমরা তার নির্দেশের অপেক্ষায় আছি।
এসময় জাপা মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দুটি দলের মধ্যে যারাই ব্যর্থ হয়, তারাই গণতন্ত্রের কথা বলে। কিন্তু ক্ষমতায় গিয়ে গণতন্ত্রের চর্চা করে না। এখন দেশের যেখানেই যাবেন, বেসামাল অবস্থা। এই অবস্থা বদলাতে জাতীয় পার্টিকে সংগঠিত হতে হবে।
জাপার প্রেসিডিয়াম সদস্য ও জাপা ঢাকা মহানগরের (দক্ষিণ) সভাপতি কাজী ফিরোজ রশীদ সভাপতির বক্তৃতায় বলেন, ২২ বছর ধরে গণতন্ত্রের কথা বলে জাতিকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
তিনি বলেন, খাদ্যে ভেজালের কারণে জাতি তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। খাদ্যে ভেজাল বন্ধে সংসদের আগামী অধিবেশনে জাতীয় পার্টির পক্ষ থেকে আইন প্রণয়নের প্রস্তাব দেওয়া হবে।
আলোচনা সভা ও ইফতারে অন্যদের মধ্যে জাপা নেতা গোলাম হাবিব দুলাল, মোস্তফা জামাল হায়দার, জিয়াউদ্দিন বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, আবদুল জব্বার, করিম উদ্দিন ভরসা, এস এম আলম, ফকির আশরাফসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/আরআই_ ২২০৭ ঘ.
|
|
|
|