আবুলের পদত্যাগে বিশ্ব ব্যাংকের শর্ত পূরণ হয়েছে: মুহিত
|
 |
 |
 |
|
Tue 24 Jul 2012 8:09 PM BdST
|
ঢাকা, ২৪ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- দুর্নীতির প্রমাণ না পাওয়া গেলেও বিশ্ব ব্যাংকের শর্ত পূরণের অংশ হিসেবেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেন, ‘আশা করছি, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এখন আর অসুবিধা হবে না। এ ব্যাপারে এখন আমরা আশাবাদী।’
মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
মুহিত বলেন, ‘বিশ্ব ব্যাংক যে অভিযোগের ভিত্তিতে পদ্মা সেতুতে ঋণ চুক্তি বাতিল করেছিল তা সাধারণত সচরাচর ঘটে না (আনইউজুয়্যাল)। এরপরেও আমরা তাদের সব শর্ত মেনে নিয়েছি। উই আর ট্র্যাক টু অ্যাকোমোডেট অল।’
তিনি বলেন, ‘বিশ্ব ব্যাংকের অভিযোগ ছিল এ বিভাগের সচিবকে ছুটিতে পাঠাতে হবে। আমরাও বলেছিলাম তাকে পাঠানোর ব্যবস্থা করা হবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘এরপর ওই বিভাগের অফিসার প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া নিজে থেকেই ছুটির দরখাস্ত করেছেন এবং তাকে ছুটিতে পাঠানো হয়েছে।’
পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠার পর চলা টানাপোড়েনের মধ্যে সোমবার সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেন। পদত্যাগের আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
পদ্মা নেতুতে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্ব ব্যাংক যে চারটি শর্ত দিয়েছিল এরমধ্যে দায়িত্বরত মন্ত্রীকে সরকারি দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার শর্তও ছিল। কিন্তু সরকার শর্ত পালন করেনি এমন অভিযোগে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে ঋণ চুক্তি বাতিল করে দেয়।
এরপর থেকে সরকার বলে আসছে প্রয়োজনে নিজস্ব অর্থায়নে পদ্মা নেতু নির্মাণ করা হবে। অর্থ সংগ্রহ করতে দুইটি ব্যাংক একাউন্টও খোলার সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়।
পদ্মা সেতুতে পরামর্শক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে গত বছর সেপ্টেম্বরে বাংলাদেশের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণ স্থগিত করে বিশ্ব ব্যাংক। আর গত ২৯ জুন এই প্রকল্পে ঋণ চুক্তি বাতিল করে এই দাতা সংস্থা।
সচিবালয়ে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি নিয়ে এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান ও বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদসহ অর্থ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/বিশেষ প্রতিনিধি/এমএম/আরআই _ ১৪০৫
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|