ভোলায় মসজিদে হামলায় আহত ৪, আটক ২
|
 |
 |
 |
|
Mon 23 Jul 2012 1:55 AM BdST
|
ভোলা, ২২ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ভোলার বোরহানউদ্দিনে ঈদগাহ মাঠ মসজিদে সন্ত্রাসী হামলায় চারজন আহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় তারাবির নামাজ চলাকালীন এই হামলার ঘটনা ঘটে।
আহত মান্না ও জসিমকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে মুসল্লিরা রাতেই বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় পুলিশ রাতে দুজনকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, শনিবার রাতে মান্না ঈদগাহ মসজিদের সামনে অবস্থান করছিলেন। ওই সময় মানিকা ইউনিয়নের পারভেজ, হাসিব, কিরন, শামিম, মোমেন, সুজন ও শাহজাহান মান্নার ওপর হামলা চালায়।
এ সময় মান্না নিকটস্থ আব্দুল করিম ও সেলিমের দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা সেখানেও তার ওপর চড়াও হয়। এ ঘটনা মীমাংসায় গিয়ে এ সময় আহত হন করিম, সেলিম ও জসিম।
এক পর্যায়ে মান্না দৌঁড়ে ঈদগাহ মসজিদে প্রবেশ করলে হামলাকারীরাও মসজিদে ঢুকে পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেয় এবং মসজিদে ভাঙচুর করে।
এ সময় মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়ে হামলাকারী পারভেজ ও সুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে বাকিরা পালিয়ে যায়।
জানা যায়, বোরহানউদ্দিন হাইস্কুলের সদ্য বহিষ্কৃত প্রধান শিক্ষক মোস্তফা কামাল মহব্বতকে মান্না মুঠোফোনে গালিগালাজ করে। ওই ঘটনায় মোস্তফা কামাল ক্ষিপ্ত হয়ে মান্নাকে পিটানো পরিকল্পনা করে।
নামাজ শেষে মুসল্লিরা মসজিদের মধ্যে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে। পরে উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেয়।
বোরহানউদ্দিন থানার ওসি (তদন্ত) মাসুম তালুকদার জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এমআই_ ১৯৫৩ ঘ.
|
|
|
|