ভিলেজ বয় থেকে প্রথম বাঙালি প্রেসিডেন্ট প্রণব
|
 |
 |
 |
|
Sun 22 Jul 2012 11:13 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ২২ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি-কে ২০০৯ সালে প্রণব মুখার্জি বলেছিলেন, ‘আমি গ্রামের ছেলে’। সেই গ্রামের ছেলে প্রণব মুখার্জি এশিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দেশটির ইতিহাসে ১৩তম আর ইতিহাসের পাতায় প্রথম বাঙালি হিসেবে অনন্য এই কীর্তি গড়লেন সাবেক সফল অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।
রোববার বিকেলে ঘোষিত ফলাফলে তিনি বিজেপি সমর্থিত জোট এনডিএ সমর্থিত প্রার্থী পিএ সাংমাকে পরাজিত করে দেশটির ইতিহাসে ১৩তম প্রেসিডেন্ট হন।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউপিএ জোট মনোনীত প্রার্থী প্রণব মুখার্জি ভোট ভ্যালুতে পেয়েছেন ৩ লাখ ৭৩ হাজার ১১৬ ভোট। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী পিএ সাংমা পেয়েছেন মাত্র ১ লাখ ৪৫ হাজার ৮৪৮ ভোট। তবে প্রাপ্ত ভোটের সংখ্যা প্রণব মুখার্জি ৭ লাখ ১৩ হাজার ৭৬৩ বা প্রায় ৬৯ দশমিক ৩১ শতাংশ। আর পিএ সাংমা পেয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৯৮৭ বা ৩০ দশমিক ৬৯ শতাংশ।
বৃহস্পতিবার ভোট গ্রহণের পর রোববার সকাল থেকে পার্লামেন্ট ভবনে কঠোর নিরাপত্তার মধ্যে প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট গণনা হয়। পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রণব মুখার্জিকে অভিনন্দন জানিয়েছেন পিএ সাংমা। একইসাথে তার প্রেসিডেন্ট হিসেবে প্রণবের সাফল্য কামনা করেছেন তিনি।
আগামী বুধবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন প্রণব মুখার্জি।
ক্ষমতাসীন ইউপিএ প্রার্থী প্রণব মুখার্জির জয়ে তার দিল্লির ১৩ নম্বর তালকোটরা রোডের বাসভবনে উল্লাস করছেন সমর্থকেরা। ইতিমধ্যে প্রণব মুখার্জিকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে গিয়ে হাজির হয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ছেলে ও কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, স্পিকার মীরা কুমারসহ জোটের শীর্ষ নেতারা।
প্রণব মুখার্জি বর্তমান প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের স্থলাভিষিক্ত হলেন। আগামী ২৫ জুলাই প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার জন্য প্রণব ইতিমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন।
উল্লেখ্য, সংসদের উভয়কক্ষ এবং বিভিন্ন রাজ্য বিধানসভার সদস্যদের নিয়ে গঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ইলেকটোরাল কলেজে মোট ভোটমূল্য ১০ লাখ ৯৮ হাজার ৮৮২। জেতার জন্য প্রয়োজন, ৫ লাখ ৪৯ হাজার ৪৪২ ভোট।
গত ১৯ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৭২ শতাংশ। অর্থাৎ প্রায় ১১ লাখ ভোটের মধ্যে ৮ লাখের কাছাকাছি ভোট পড়েছে।
ফলাফলে দেখা গেছে, নির্বাচিত ৬৮ সদস্যের হিমাচল প্রদেশে প্রণব মুখার্জি ২৩ ভোট পেয়েছেন, যার ভোট ভ্যালু ১ হাজার ১৭৩। এখানে ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাংমা, যার ভোট ভাল্যু ২ হাজার ২৪৪। একটি ভোট বাতিল হয়ে গেছে।
৮৭ সদস্যের জম্মু এবং কাশ্মিরে প্রণব ৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার ভোট ভ্যালু ৪ হাজার ৮৯৬। বিপরীতে এখানে সাংগা পেয়েছেন ১৫ ভোট, যর ভাল্যু ১ হাজার ৮০। দুটি ভোট এখানে বাতিল বলে ঘোষণা দেওয়া হয়।
৮১ সদস্যের ঝাড়খণ্ড প্রদেশেও বিজয়ী হয়েছেন প্রণব মুখার্জি। তিনি পেয়েছেন ৬০ ভোট, যার ভাল্যু ১০ হাজার ৫৬০। অন্যদিকে সাংমা পেয়েছেন ২০ ভোট, যার ভাল্যু ৩ হাজার ৫২০। একটি ভোট এখানে বাতিল হয়েছে।
বিজেপি নিয়ন্ত্রিত হিমাচল প্রদেশে প্রণব মুখার্জি অনুমেয় হারে ভোট পেয়েছেন। এরপর জম্মু ও কাশ্মিরে তিনি এগিয়ে যান। আর বিস্ময়করভাবে বিজয়ী হয়েছেন ঝাড়খণ্ডে। অথচ জেএমএম- এর সাথে যৌথভাবে বিজেপি এই প্রদেশের নিয়ন্ত্রক।
এছাড়া বিজেপি নিয়ন্ত্রিত কর্ণাটক প্রদেশে উভয় প্রার্থীর সম্ভাবনা ছিল সমানে সমান। সেখানেও প্রণব মুখার্জি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তিনি ২২৪ সদস্যের মধ্যে তিনি পেয়েছেন ১১৭ ভোট, যার ভ্যালু ১৫ হাজার ৩২৭। বিপরীতে সাংমা পেয়েছেন ১০৩ ভোট, যার ভ্যালু ১৩ হাজার ৪৯৩। একটিমাত্র ভোট এখানে বাতিল হয়ে যায়।
৭৪৮ জন সংসদ সদস্য গত ১৯ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ ১৫টি ভোট বাদেই প্রণব মুখার্জি পেয়েছেন ৫২৭ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী পিএ সাংমা পেয়েছেন মাত্র ২০৬ ভোট।
কে এই প্রণব মুখার্জি প্রণব মুখার্জির জন্ম অধুনা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার শহরের নিকটস্থ মিরাটি গ্রামে। তার পিতার নাম কামদাকিঙ্কর মুখোপাধ্যায় ও মাতার নাম রাজলক্ষ্মী দেবী।
প্রণব মুখার্জি একজন কলেজশিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি সাংবাদিকতাও করেন কিছুকাল। এই সময় তিনি ‘দেশের ডাক’ নামে একটি পত্রিকার সাথে যুক্ত ছিলেন। এছাড়াও তিনি ‘বঙ্গীয় সাহিত্য পরিষদের’ ট্রাস্টি ও পরে ‘নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের’ সভাপতি হন।
প্রণব মুখার্জি বিভিন্ন সময়ে ভারতের বিদেশ, প্রতিরক্ষা, যোগাযোগ, রাজস্ব ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পালনের বিরল কৃতিত্বের অধিকারী। ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য।
দলের প্রতি আনুগত্য ও অসামান্য প্রজ্ঞা এই বাঙালি রাজনীতিবিদকে কংগ্রেস দলে ও এমনকি দলের বাইরেও বিশেষ শ্রদ্ধার পাত্র করেছে। দেশের প্রতি অবদানের জন্য তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মবিভূষণ’ ও ‘শ্রেষ্ঠ সাংসদ’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
যুক্তরাজ্যের ইউরোমানি পত্রিকার একটি সমীক্ষায় তিনি বিশ্বের শ্রেষ্ঠ পাঁচ অর্থমন্ত্রীর অন্যতম হিসেবে বিবেচিত। ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখার্জি পরিণয়সূত্রে আবদ্ধ হন শুভ্রা মুখার্জির সাথে। সংসার জীবনে তাদের দুই ছেলে ও এক কন্যা বর্তমান। তার অবসরকালীন শখ বই পড়া, বাগান করা ও গান শোনা।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ১৭১৩ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|