আমেরিকায় সিনেমা হলে বন্দুকধারীর গুলিতে নিহত ১২, আহত ৫০
|
 |
 |
 |
|
Sat 21 Jul 2012 4:43 AM BdST
|
বিশ্ব ডেস্ক, ২০ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- আমেরিকায় ডেনভারের মুখোস পরা এক বন্দুকধারীর গুলিতে ১২ জন মারা গেছে, আহত হয়েছে অন্তত ৫০ জন।
শহরতলির এক সিনেমা হলে একটি ব্যাটম্যান চলচ্চিত্র প্রদর্শনের সময় বন্দুকধারী হলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনার পর কাছের এক গাড়ি পার্ক করার জায়গা থেকে ২৪ বছরের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ, যার কাছে একটি রাইফেল ও হ্যান্ড-গান ছিল।
পরে ওই তরুণ পুলিশকে বলেছে তার বাড়িতে বিস্ফোরক পদার্থ রয়েছে। অরোরার পুলিশ প্রধান ড্যানিয়েল ওটস্ বলছেন, তার দেওয়া এই তথ্যের ভিত্তিতে উত্তর অরোর একটি অ্যাপার্টমেন্ট ব্লক থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি একটি ক্যানেস্তারা থেকে গ্যাস ছাড়তে শুরু করে। তারা গ্যাস বেরনর আওয়াজ শুনতে পান। এরপরই ওই ব্যক্তি গুলি চালাতে শুরু করে।
তারা জানান, ছবিটি শুরু হবার ৩০ থেকে ৪০ মিনিটের মাথায় তারা ওই তরুণকে হলের সামনের সারির কাছের এক প্রবেশপথ দিয়ে ঢুকতে দেখে। হলে প্রচুর ধোঁয়া দেখে কেউ কেউ ভেবেছিলেন ছোঁড়া বোমা থেকে ধোঁয়া বেরচ্ছে অথবা টিয়ার শেল ছোঁড়া হয়েছে। অনেকে চেয়ারের নিচে আশ্রয় নেন।
ধোঁয়া ও শব্দ থেকে কেউ কেউ আবার এমনও ভেবেছিলেন ওটা সিনেমার দৃশ্যের জন্য তৈরি করা স্পেশাল এফেক্টস্।
এরপর পুলিশ কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে পেছনের কারপার্কে গাড়ির ভেতরে বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করে।
এ ঘটনায় এখনও পর্যন্ত একজন ব্যক্তিরই জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অরোরা পুলিশের প্রধান ওটস্।
নিহত ১২ জনের মধ্যে ১০ জন হলের ভেতরেই মারা গেছেন বলে শহরের পুলিশ প্রধান জানিয়েছেন।
এ ঘটনায় গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে, এখনও পর্যন্ত এই ঘটনার সাথে সন্ত্রাসী কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমএম_২২৪৩ ঘ.
|
|
|
|