বিশ্ব্যাংকের ঋণ বাতিলে ইউনূসের হাত নেই: মজিনা
|
 |
 |
 |
|
Thu 19 Jul 2012 2:14 AM BdST
|
টাঙ্গাইল, ১৮ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পদ্মা সেতুর অর্থায়ন থেকে বিশ্বব্যাংকের হাত গুটিয়ে নেওয়ার সিদ্ধান্তে ড. মুহাম্মদ ইউনূসের কোনো হাত নেই বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা।
তিনি বলেন, এটি বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের দ্বিপাক্ষিক বিষয়।
বুধবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরে বন বিভাগের একটি প্রকল্প নিয়ে অভিজ্ঞতা-বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন।
মধুপুর গড় এলাকার দোখলায় এই সভা অনুষ্ঠিত হয়।
মজিনা বলেন, পদ্মা সেতুর অর্থায়নের ব্যাপারে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকার সন্তোষজনক সমাধানে আসতে না পারায় আমি নিরাশ।
তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা বিষয়ে এ দেশের সব রাজনৈতিক দলের সংলাপে বসার তাগিদ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সংলাপে বসে আলোচনার ভিত্তিতে সমঝোতায় আসা উচিত। আমি রাজনৈতিক দলগুলোর অংশ গ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আশাবাদী।
এর আগে সভায় বন বিভাগের প্রকল্প ‘রিভিজেটেশন অব মধুপুর ফরেস্ট থ্রু রিহেবিলেশন ফরেস্ট ডিপেন্ডেন্ট লোকাল অ্যান্ড এথনিক কমিউনিটিস প্রজেক্ট’-এর প্রসংশা করেন ড্যান মজিনা।
বন বিভাগের এই প্রকল্পের কারণে বনের ওপর চাপ কমেছে বলে মন্তব্য করেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, দুই বছর ধরে এ বনে গাছ কাটা বন্ধ রয়েছে। বন মামলাও হয়নি। সরকার মধুপুর বনকে শুধু বাঁচানোর কথাই বলছে না, বরং বনাঞ্চলে বসবাসরত ৪০-৫০ হাজার বনবাসীর জন্য কাজ করছে।
অভিজ্ঞতা-বিনিময় সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক এম বজলুল করিম চৌধুরী।
এতে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, মধুপুরের বনজ সম্পদ জাতীয় সম্পদ। সবার সহযোগিতায় মধুপুর বনাঞ্চলের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
আদিবাসী-বাঙালি সবাইকে মধুপুর বনকে বিশ্বে একটি মডেল হিসেবে তুলে ধরতে মন্ত্রী আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রধান বন সংরক্ষক ইউনুছ আলী, বন সংরক্ষক জহির হোসেন খন্দকার, টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা অসিত রঞ্জন পাল প্রমুখ।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএম/আরআই_ ২০১১ ঘ.
|
|
|
|