ক্ষমা চাইলেন মাহফুজুর রহমান
|
 |
 |
 |
|
Tue 17 Jul 2012 5:19 AM BdST
|
ঢাকা, ১৬ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে সম্প্রতি লন্ডনে দেওয়া বক্তব্যের জন্য আবারো দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান।
সোমবার সন্ধ্যায় একটি বিবৃতির মাধ্যমে এ দুঃখ প্রকাশ করেন তিনি। রিয়েল-টাইম নিউজ ডটকম পাঠকদের জন্যে বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো- মাহফুজুর রহমান বলেন, আমার প্রতিষ্ঠান এটিএন বাংলার মেধাবী ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক মেহরুন রুনি এবং তার স্বামী মাছরাঙা টেলিভিশনের মেধাবী সাংবাদিক সাগরের বহুল আলোচিত মর্মান্তিক হত্যাকাণ্ড সম্পর্কে লন্ডনে আমার দেওয়া বক্তব্যের জন্য আমি ক্ষমা প্রার্থনা ও দুঃখ প্রকাশ করছি এবং আমার বিতর্কিত মন্তব্যও আমি ইতিপূর্বে প্রত্যাহার করেছি।
রুনি আমার কন্যাসম এবং আমার অফিসের সবার কাছে প্রিয় সংবাদকর্মী ছিল। সাংবাদিক দম্পতি রুনি-সাগরের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমি ব্যক্তিগতভাবে এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের সব সাংবাদিক কলাকুশলী সবাই আন্তরিকভাবে শোকাহত। আমি এবং এটিএন বাংলা পরিবারের সবাই এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
হত্যাকারীরা যেন কোনোভাবে রেহাই না পায় সেজন্য আমি সরকার এবং তদন্তকারী সংস্থাসমূহকে বিশেষ করে অনুরোধ জানাই। এ ব্যাপারে যে কোনো সহযোগিতা করার জন্য আমি এবং এটিএন বাংলা পরিবার বদ্ধপরিকর। ইতোমধ্যে এই হত্যাকাণ্ডের তদন্তকারী সংস্থা র্যাকে আমাদের কাছে থাকা তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করেছি। আমি আশা করি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে সব গুজব, সন্দেহ ও বিতর্কের অবসান হবে।
সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দলমত নির্বিশেষে সারা দেশের সাংবাদিক সমাজ যে ঐক্যবদ্ধ আন্দোলন করছে, সেজন্য আমি সাংবাদিক সমাজকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই। সাংবাদিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ ও আপোষহীনভাবে এই আন্দোলনে নেতৃত্বে দিচ্ছেন সেজন্য তাদের আমি সাধুবাদ জানাচ্ছি। তারা আমার মন্তব্যের বিরুদ্ধে যে প্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করেছেন তা আমি শ্রদ্ধার সঙ্গে অনুধাবন করছি।
সাংবাদিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সমাজের অনুভূতি এবং তাদের মর্যাদার উপর আমার মন্তব্য যে ক্ষোভের সৃষ্টি করেছে সে জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। আমি এবং আমার প্রতিষ্ঠানের সব সাংবাদিক ও কলাকুশলী সবাই ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ, সাংবাদিকদের নিরাপত্তা এবং মুক্ত, স্বাধীন গণমাধ্যমের দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি।
আশা করি, আমার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমার এবং এটিএন পরিবারের সঙ্গে সাংবাদিক নেতৃবৃন্দের এবং ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের সাম্প্রতিক ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/একেএ/আরআই_ ২৩১৬ ঘ.
|
|
|
|
| পাঠকের মন্তব্য: |
| |
| |
| |
| বাংলা (ইউনিকোডে) অথবা ইংরেজীতে আপনার মন্তব্য লিখুন। সবগুলো ঘর পুরণ করা আবশ্যক: |
| |
|
|
|