সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে: রেডক্রস
|
 |
 |
 |
|
Mon 16 Jul 2012 10:46 PM BdST
|
বিশ্ব ডেস্ক, ১৬ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- সিরিয়ায় সহিংসতা আরো বেড়ে যাওয়া দেশটিতে গৃহযুদ্ধ চলছে বলে আন্তর্জাতিক সেবা সংস্থা রেডক্রস ঘোষণা করেছে।
সিরিয়ার রাজধানী দামেস্কতে সরকারি বাহিনী ও বিদ্রোহী বাহিনীর মধ্যে যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ চলেছ তা গৃহযুদ্ধেরই নামান্তর।
সিরিয়ায় চলমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। বিশেষ করে সিরিয়ার ইদিলিব, হোমস ও হামা শহরে সহিংসতা আরো ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছেন, আন্তর্জাতিক রেড ক্রসের মুখপাত্র হিশাম হাসান।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি বলেছেন, সিরিয়ার চলমান সংকট নিরসনে দেশটির সরকার ও বিরোধীদের মধ্যে বৈঠকের আয়োজন করতে তেহরান প্রস্তুত রয়েছে।
তবে তিনি বলেন, সিরিয়া সংকটের সমাধান সিরিয়বাসীরই করা উচিত। বাইরে থেকে এ সংকটের কোনো সমাধান চাপিয়ে দেয়া উচিত হবে না।
এর আগে সিরিয়ায় শান্তি স্থাপনে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি কফি আনান তেহরান সফর করেন এবং সিরিয়ায় সহিংসতা বন্ধে ইরানের সাহায্য চান।
আলী আকবর সালেহি আশা প্রকাশ করে বলেন, ইরান, জাতিসংঘ ও আঞ্চলিক দেশগুলোর সহযোগিতায় এ সংকটের সমাধান হবে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সিরিয়ার সংকট মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্বের জন্য স্পর্শকাতর এবং বিশেষ গুরুত্বপূর্ণ। সিরিয়া সংকটের সঠিক সমাধান না হলে তা মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে হটাতে গত বছরের এপ্রিল থেকে সহিংসতা চলছে এবং কয়েকটি সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির নামে সেখানে সক্রিয় রয়েছে।
সিরিয়ার সরকার দাবি করছে, বেসামরিক নাগরিকদের হত্যার জন্য সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোই দায়ী। আর এসব সন্ত্রাসী গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা ও আরব দেশ অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করছে।
রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরআই_ ১৬৪৫ ঘ.
|
|
|
|