বিশ্বব্যাংক দুর্নীতি করেছে তা প্রমাণ করুন: রফিক
|
 |
 |
 |
|
Tue 10 Jul 2012 10:35 PM BdST
|
ঢাকা, ১০জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা বলেছেন, প্রধানমন্ত্রী যদি বিশ্বব্যাংকের দুর্নীতি প্রমাণ করতে পারেন, তাহলে আমি রফিকুল ইসলাম মিঞা আপনাকে অভিনন্দন জানাবো।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নাগরিক সংসদ আয়োজিত ‘পদ্মা সেতুর দুর্নীতির দায় স্বীকার করে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের পদত্যাগের দাবি’ এক মানববন্ধনে তিনি একথা বলেন।
এছাড়াও পদ্মা সেতুর দুর্নীতির কারণে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তাই তিনি সরকারের উদ্দেশ্যে ১৬ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলার আহ্বান জানান।
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরো বলেন, বিশ্বব্যাংকের দুর্নীতির প্রমাণের আগে আপনার সরকারের সেইসব দুর্নীতিবাজ মন্ত্রীদের বিচার করুন যাদের আগে কিছুই ছিল না।
ব্যারিষ্টার রফিক বলেন, তারা এখন সবাই হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দামি গাড়ি-বাড়ির মালিক হয়েছেন। বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন না হলেও তাদের ভাগ্য ঠিকই পরিবর্তন হয়েছে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী সেসব মন্ত্রীদের টাকার কোনো হিসাব নিচ্ছেন না, তিনি এসেছেন জনগণের পকেটে কি টাকা আছে সেই টাকার হিসাব নিতে।
রফিকুল ইসলাম বলেন, পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের বাতিল হওয়া ঋণচুক্তি নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্যে জাতি বিভ্রান্তিতে পড়েছে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন, বিশ্বব্যাংকের কাছে এই বিষয় আর আবেদন করবেন না, আবার অর্থমন্ত্রী বলছে ঋণচুক্তি পুনবিবেচনার বিষয় আলোচনা চলছে’।
শেয়ার বাজারের টাকায় সরকার সুখী না, কুইক-রেন্টালের টাকায় তাদের তৃপ্তি মেটেনি। দেশে গ্যাস নেই , বিদ্যুৎ নেই। এমনাবস্থা চলতে থাকলে দেশ সর্বনাশের দিকে চলে যাবে। তখন এর দায়দায়িত্ব বহন করার ক্ষমতা সরকারের থাকবেনা। তাই তিনি পদ্মা সেতুতে দুর্নীতির দায় স্বীকার করে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও সংশ্লিষ্টদের পদত্যাগ করার দাবি জানান।
জাতীয় নাগরিক সংসদের সভাপতি খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরো মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রেজা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশীদ,স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
রিয়েল-টাইম নিউজ ডটকম/এইচএইচ/আরআই_ ১৬৩১ ঘ.
|
|
|
|