মন্ত্রীদের সংযত হয়ে কথা বলার পরামর্শ দিলেন নাসিম
|
 |
 |
 |
|
Tue 10 Jul 2012 9:39 PM BdST
|
ঢাকা, ১০ জুলাই (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- মন্ত্রীদের আরো সংযত হয়ে কথা বলার আহবান জানিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেছেন, পদ্মা সেতু বাস্তবায়ন করতে হবে। কোনো শক্তি সরকারের বিরুদ্ধে যাতে দাঁড়াতে না পারে তাই মন্ত্রীদের সংযত হয়ে কথা বলার পরামর্শ দেন নাসিম।
মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত যুদ্ধাপরাধীদের বিচার ও পদ্মা সেতু নিয়ে বিএনপি’র ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।
নেতা মন্ত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের আরও দায়িত্বশীল হয়ে কথা বলতে হবে। বিশ্ব ব্যাংক ভুল করতে পারে। আমরা রাস্তার দল নই, জনগণের সমর্থনেই আমাদের ক্ষমতায় যেতে হবে। বারবার ক্ষমতায় আসতে হলে আমাদের প্রক্রিয়াধীন কাজগুলো শেষ করতে হবে।
নাসিম বলেন, বিশ্ব ব্যাংক আমাদের অস্তিত্বে আঘাত করেছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যে মাথা উঁচু করে কাজ শুরু করতে পারে। সে মাথা উঁচু করে কাজ শেষও করতে পারে। বাংলার জনগণও পদ্মা সেতুর কাজ শেষ করার জন্যই আবার আওয়ামী লীগকে নির্বাচিত করবে।
পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের ঋণ বাতিলকে দু:খজনক উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, বিশ্বব্যাংক দুই একজন ব্যক্তির জন্য ১৬ কোটি মানুষকে কষ্ট দিতে পারেনা।
সরকার বিদ্যুৎ সমস্যা সমাধানে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে লোডশেডিং অনেক কমে গেছে। ডিসেম্বরের মধ্যে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার কাজও শেষ হবে।
প্রতিবাদ সভায় সংগঠনের ভাইস চেয়ারম্যান ফাতেমা জামান সাথীর সভাপতিত্বে ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপদেষ্টা জি এম কাদের, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
রিয়েল-টাইম নিউজ ডটকম/আরকে/আরআই_ ১৫৩৮ ঘ.
|
|
|
|